আগে বিশ্বকাপ পরে বিয়ে
বিয়ের বেশির ভাগ কেনাকাটা এত দিনে হয়ে যাওয়ার কথা ছিল। এখন হয়তো ব্যস্ত থাকতেন শেষ মুহূর্তের প্রস্তুতি আর পরিকল্পনা নিয়ে। প্রস্তুতি তিনি নিচ্ছেন বটে, তবে দেশের হয়ে বিশ্বকাপ খেলার। নববধূর গলায় মালা পরানো নয়, ভাবনাজুড়ে তাঁর এখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ফাঁদে ফেলা। বিয়ে পিছিয়ে দিয়ে তবেই বিশ্বকাপে এসেছেন ইংলিশ স্পিনার ড্যানি ব্রিগস!বিশ্বকাপে আসাটা সুদূরতম ভাবনাতেও ছিল না। ব্যস্ত কাউন্টি মৌসুম শেষ। বান্ধবী লিনসেকে বউ করে নিতে চেয়েছিলেন এ মাসের শেষে। টুকটাক প্রস্তুতিও চলছিল। আচমকাই আনন্দময় বিপত্তি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলে সুযোগ পেয়ে গেলেন হ্যাম্পশায়ারের বাঁহাতি স্পিনার। বিশ্বকাপ দলে জায়গা, অন্য কিছু ভাবার প্রশ্নই ওঠে না। ব্রিগস বিয়েটা পিছিয়ে নিলেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।নতুন তারিখ নিয়েও বিপত্তি কম নেই। ৯ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট। হ্যাম্পশায়ারের হয়ে খেলার কথা ২১ বছর বয়সী এই স্পিনারের। তবে একটা সমাধান তিনি বের করতে পেরেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটাকেই আমি সবচেয়ে প্রাধান্য দিয়েছি, এ জন্যই বিয়ে পিছিয়েছি। আর পেছাব না, চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফিকেশন রাউন্ডটা মিস করব। অবশ্য হ্যাম্পশায়ার মূল পর্বে উঠলে আমি খেলব।’ পেশাদার ক্রিকেটারের ব্যস্ত জীবন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না হবু বধূ লিনসের। এবার নিশ্চয়ই বুঝতে শুরু করেছেন! ওয়েবসাইট।