আগে ব্যাটিং করা সব সময়ই ভালো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে ‘প্রতিশোধের ম্যাচে’ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেশ সমালোচিত হওয়ার পর সাকিব কি তাঁর ভুল বুঝতে পেরেছেন? ব্যাপারটি ঠিক এভাবে দেখতে রাজি নন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে বিষয়টি সেভাবে পার্থক্য গড়তে পারবে না। তবে আগে ব্যাটিং নেওয়া সব সময়ই ভালো সিদ্ধান্ত।’হাবিবুল বাশার আজকের ম্যাচে বাংলাদেশের একাদশ দেখে কিছুটা অবাক হয়েছেন। গত ম্যাচের অন্যতম উইকেট টেকার মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁকে যথেষ্টই বিস্মিত করেছে। তবে পুরো ব্যাপারটিকেই ‘টিম ম্যানেজমেন্টের ব্যাপার’ বলে দেখছেন তিনি। বাশার বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের মাথায় হয়তো অন্যকিছু রয়েছে।’ মাহমুদউল্লাহর জায়গায় আজকের ম্যাচে দলে ঢুকেছেন মোহাম্মদ আশরাফুল। সবকিছু ঠিকঠাক থাকলে আজ আশরাফুল সাত নম্বরে ব্যাট করবেন। এ ব্যাপারে বাশারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গত বিশ্বকাপেও আশরাফুল প্রথমে সাত নম্বরে ব্যাট করেছিল। পরে তাঁকে ওপরে উঠিয়ে নেওয়া হয়। তবে আশরাফুলের মানের একজন ব্যাটসম্যানকে বেশি ওভার খেলার সুযোগ দেওয়া উচিত বলে বাশার মনে করেন।‘আজকের ম্যাচে আয়ারল্যান্ডের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিতে বাংলাদেশকে অবশ্যই একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এটা ২৬০ বা ২৭০ এর বেশি হলে খুবই ভালো হয়।’ বলেছেন বাশার।সবশেষে সাকিবদের শুভ কামনা জানিয়ে বাশার বলেছেন, আশা করছি আজকের ম্যাচে বেশ ভালো ব্যবধানে জিতেই জয়ের হিসাবটা খুলবে বাংলাদেশ।’