আগে-ভাগেই দেশে ফিরতে চান ক্লার্ক
চোট মাইকেল ক্লার্ককে ছিটকে দিয়েছে দিল্লি টেস্ট থেকে। এবার আগে-ভাগেই দেশে ফিরে যাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি চেয়েছেন অসি অধিনায়ক। শুক্রবার শুরু হওয়া দিল্লি টেস্টে মাঠে থাকতে না পেরে দলের সঙ্গে ঝুলে থাকার প্রয়োজনীয়তা বোধ করছেন না ক্লার্ক। তাই কালই বোর্ডের কাছে দেশে ফেরার অনুমতি চেয়েছেন তিনি। পিঠের ব্যাথা সারাবার জন্য চিকিত্সা দ্রুত শুরু করার উদ্দেশেই ক্লার্ক একটু আগেই দেশে ফিরতে চান বলে জানা গেছে।অনুমতি পেলে শুক্রবার মধ্যরাতেই ক্লার্কের অস্ট্রেলিয়া রওনা হওয়ার কথা। তবে তিনি অনুমতিটা আদৌ পেয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি। সমস্যার মধ্যে হাবুডুবু খেতে থাকা দলকে দিল্লি টেস্টে বিপর্যয়ের মধ্যে রেখে ক্লার্কের দেশে ফিরে যাওয়াটা যে ক্রিকেট অস্ট্রেলিয়া ভালোভাবে দেখবে না, সেটা বলাই বাহুল্য।সূত্র জানাচ্ছে, ক্লার্কের ভাবনাটা অন্য। ভারত সফরে ভরাডুবি যা হবার হয়ে গেছে। এখন আইপিএলটা খেলাই নাকি ক্লার্কের লক্ষ্য। পিঠের ব্যাথা সারানোর অজুহাতে ক্লার্কের দেশে ফেরার মরিয়া প্রচেষ্টা মূলত আইপিএলটা যেন মিস না হয়, সে কারণেই।অসি ক্রিকেটের যুগ-সন্ধিক্ষণের অধিনায়ক মাইকেল ক্লার্ক দলকে নিয়ে ভারত সফরে এসেছিলেন পাহাড়সম প্রত্যাশা নিয়েই। নিজেও ছিলেন ফর্মের তুঙ্গে। কিন্তু ভারতে যারপরনাই ব্যর্থ অস্ট্রেলিয়া। দলের মধ্যে বিবাদও ক্লার্কের অধিনায়কত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ায় ক্লার্কের ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। মোহালি টেস্টের পর অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ মুহূর্তের দৃশ্যপটে মাইকেল ক্লার্ক কোনোমতেই আর থাকতে চান না। ইতিহাসকে নিজের সামনে উন্মোচিত হতে দিতে চান না বলেই আগেই দেশে ফিরতে মরিয়া মাইকেল ক্লার্ক। ওয়েবসাইট।