আগে ভিডিও ফুটেজ তারপর তদন্ত কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়ার নাদির শাহ এখনো কলকাতায়। ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দু-এক দিনেও তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই। এদিকে বিসিবিও এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করেনি। তবে কাল বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল টেলিফোনে জানিয়েছেন, ‘আইসিসি অভিযুক্ত আম্পায়ারদের নিয়ে ইন্ডিয়া টিভির ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সরবরাহ করবে, আইসিসির সর্বশেষ সভাতেই এ সিদ্ধান্ত হয়েছে। সেই ফুটেজ হাতে পাওয়ার পরই আমরা তদন্ত কমিটি গঠন করব।’ কিন্তু পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যে এরই মধ্যে তাদের তদন্ত কমিটি গঠন করে ফেলেছে? মুস্তফা কামালের উত্তর, ‘তারা একটু আগেই কমিটি করে ফেলেছে। আইসিসির কাছ থেকে ফুটেজ না পেলে কেউই কিছু করতে পারবে না।’একটি সূত্রে জানা গেছে, গত শুক্রবার নাদির শাহর দেশে ফেরার কথা ছিল। পরে শনিবার আসবেন বলে ঠিক করলেও শেষ মুহূর্তে না আসার সিদ্ধান্ত নেন। তবে টিকিটটি উন্মুক্ত রেখেছেন যেন যেকোনো সময় উঠে যেতে পারেন ঢাকার ফ্লাইটে। গুঞ্জন আছে, বিসিবির সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন অর্থের বিনিময়ে ম্যাচ পাতাতে রাজি হওয়ার অভিযোগে অভিযুক্ত আম্পায়ার নাদির শাহ। তাঁকে বিমানবন্দর থেকে নিরাপদে নিয়ে আসবেন বিসিবির মধ্যম সারির কয়েকজন কর্মকর্তা।কিন্তু নাদির শাহকে দেশে ফেরার সবুজ সংকেত কেন দিচ্ছে না বিসিবি? মুস্তফা কামালের আইসিসির সহসভাপতি হওয়ার পর বিসিবিতে এখন পট পরিবর্তনের সময় চলছে। জানা গেছে বিসিবির শীর্ষ কর্মকর্তারা চাইছেন না, বাংলাদেশের ক্রিকেট নিয়ে এই সময়ে নেতিবাচক কোনো আলোচনা হোক। সময়টা পার করেই তাঁরা হাত দিতে চাইছেন নাদির শাহর বিতর্কিত বিষয়ে। তাঁর দেশে ফেরা, তদন্ত কমিটি গঠন—পুরো প্রক্রিয়াটাই তাই অপেক্ষমাণ। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য এটি স্বীকার করেননি, ‘আমার জানামতে, এ রকম কোনো ব্যাপার নেই। কেউ যদি নাদির শাহকে এ রকম কোনো পরামর্শ দিয়ে থাকে, তাহলে সেটা ব্যক্তিগত সম্পর্কের খাতিরে দিয়ে থাকবে।’