আগে মেয়েদের ভারত সফর
একটা জায়গায় মুশফিক-সাকিবদের চেয়েও এগিয়ে থাকছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখনো ভারতে যেতে না পারলেও আগামী মাসের গোড়ায় ভারত সফর করবে বাংলাদেশ মহিলা দল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।দুবাইতে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহীদের সভা থেকে দেশে ফিরে কাল এটা জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ‘বাংলাদেশের মহিলা ক্রিকেট দল তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করবে। এপ্রিলের ১৫ তারিখের মধ্যেই হবে সিরিজটা। এই সিদ্ধান্ত দুই বোর্ডের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক প্রতিফলন’—বলেছেন নিজামউদ্দিন।দুবাইতে বিসিবির প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছিলেন বিসিসিআইয়ের সচিব সঞ্জয় জাগদালে। কাল বিসিসিআই থেকে আনুষ্ঠানিক সম্মতিও চলে এসেছে এই সিরিজের ব্যাপারে। সফরসূচি এখনো চূড়ান্ত না হলেও মহিলা দলের ভারত সফরের ম্যাচগুলো হবে বরোদা ও আহমেদাবাদে।গুঞ্জন আছে, বাংলাদেশ জাতীয় দলও এ বছরই ভারত সফরে গিয়ে অন্তত তিনটি ওয়ানডে খেলতে পারে। মহিলা দলের আসন্ন সফর জাতীয় দলের বহু প্রতীক্ষিত এই সফরের সম্ভাবনাতেও জ্বালছে আশার বাতি। দুই বোর্ড এবং কূটনৈতিক পর্যায়ে বেশ কিছুদিন ধরেই চলা মুশফিকুর রহিমদের দলের ভারত সফরের আলোচনা এখন ইতিবাচক গতি পাবে বলে বিশ্বাস বিসিবির।