আগে সিদ্ধান্ত, পরে আলোচনা!
‘পরের কাজ’টাই আগে করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘আগের কাজ’টা করবে আজ। গত ২৯ জুলাইয়ের বোর্ড সভায় রফিকুল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর পর আজ টেকনিক্যাল কমিটির সভা ডাকা হয়েছে নির্বাচকদের মতামত জানতে, প্রধান নির্বাচকের সঙ্গে আলোচনা করতে!বিশ্বকাপ ক্রিকেটের যখন আর মাত্র ছয় মাস বাকি, নির্বাচক কমিটির মেয়াদ নিয়ে বোর্ডের সর্বশেষ সিদ্ধান্ত কৌতূহলোদ্দীপকই। নির্বাচকদের কাজে বোর্ড সন্তুষ্ট হলে মেয়াদটা একেবারে বিশ্বকাপ পর্যন্তই বাড়িয়ে দেওয়া উচিত ছিল। আর বোর্ড যদি মনে করে, এই নির্বাচক কমিটি চলে না—তাহলে নতুন নির্বাচক কমিটি এখনই নয় কেন?এই দুই পথের কোনোটিতেই না হেঁটে গত বোর্ড সভায় ৩০ জুন শেষ হয়ে যাওয়া নির্বাচক কমিটির মেয়াদ বাড়ানো হলো মাত্র তিন মাস এবং সেটি আবারও নির্বাচকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই। তবে নির্বাচকদের নাকি ধারণা দেওয়া হয়েছিল, আগামী এক বছরের জন্যই বাড়বে তাঁদের দায়িত্বের মেয়াদ। তার পরও মেয়াদ মাত্র তিন মাস বাড়ানো হলো কেন—এই প্রশ্নের জবাবে কাল বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন জানান, ‘কমিটির মেয়াদ যে তিন মাস পর আর বাড়বে না, সে রকম কোনো কিছু কিন্তু না। এটা চূড়ান্ত নয়। কাল (আজ) বিকেলে টেকনিক্যাল কমিটির সভা ডাকা হয়েছে। তাতে প্রধান নির্বাচক রফিকুল আলমও আসবেন। তাঁর সঙ্গে এটা ছাড়া নির্বাচকদের সুযোগ-সুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা। আর আমরা মেয়াদ বাড়ালেই তো হবে না, ওনারা থাকবেন কি না, সেটাও একটা প্রশ্ন। নির্বাচকদেরও তো একটা মতামত থাকতে পারে।’কিন্তু নির্বাচকদের মতামত তো বোর্ড সভার আগেই জেনে নেওয়া উচিত ছিল! বোর্ড সভায় তিন মাসের জন্য মেয়াদ বাড়িয়ে সেটি সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার পর কেন আলোচনার ইচ্ছা জাগল টেকনিক্যাল কমিটির? ক্রিকেট পরিচালনা কমিটির প্রধানের (যিনি আবার টেকনিক্যাল কমিটিরও প্রধান) উত্তর, ‘৩০ জুন কমিটির সদস্যদের মেয়াদ শেষ হয়ে গেছে। কাগজে-কলমে ওনারা আর নির্বাচক ছিলেন না। এখন যদি কয়েকটা দিন মেয়াদ না বাড়ানো হয়, তাহলে তো ওনারা বেতনই পাবেন না! বোর্ড সভার আগেই যে এসব নিয়ে আলোচনা করব, সেই সময় আমাদের হাতে ছিল না।’গুঞ্জন আছে, নির্বাচক কমিটিতে পরিবর্তনের চিন্তাও করছে বোর্ড। বিশেষ করে প্রধান নির্বাচকের পদে নাকি নতুন কাউকে দেখতে চাইছেন কোনো কোনো পরিচালক। গুঞ্জনটা উড়িয়েই দিতে চাইলেন এনায়েত হোসেন, ‘পরিবর্তনের বিষয় আমাদের মাথায় নেই। এই মুহূর্তে কারও বিকল্প খোঁজার চিন্তাও আমরা করছি না।’নির্বাচক কমিটির মেয়াদ খুব বেশি না বাড়লেও ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে জাতীয় দলের কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদের। ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়ার ক্রীড়াবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রীড়া মনোবিদ সৌমেন্দ্র সাহাকে জাতীয় দলের পরামর্শকের দায়িত্ব দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া অনুমোদন হয়েছে প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা রফিকুল ইসলামের নিয়োগ। সভায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে রেফারেল পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।