আগে সেমিফাইনাল, পরে বিশ্বকাপের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এককালের বিশ্বচ্যাম্পিয়ন তারা। বিশ্বকাপের প্রথম শিরোপার মালিক উরুগুয়ে ১৯৫০ সালে মাত্র দ্বিতীয় অংশগ্রহণেই জয় করে নেয় আরও একটি বিশ্বকাপ শিরোপা। এরপর ৬০ বছরের খরা। এককালের অবিসংবাদিত সেরারা পতনের খাদ বেয়ে নিচে নেমে গেছে অতলে। বিশ্বকাপ শিরোপা দূরে থাক, দলটি সর্বশেষ বিশ্বকাপের শেষ চারে খেলেছে আজ থেকে ৪০ বছর আগে—সেই ১৯৭০ সালে। মাঝখানে উরুগুয়ের ফুটবল বছরের পর বছর ধরে হারিয়ে খুঁজেছে তার জৌলুস। পুরো সময়টা ছিল ফুটবল শ্রেষ্ঠত্বের এক করুণ অপচয়ের গল্প। বিশ্ববাসী ১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ের কাছ থেকে কিছুটা পুনরুত্থানের আভাস পেলেও দ্বিতীয় রাউন্ডেই হয়েছিল সেই গল্পের শেষ। পরেরবার ১৯৯০ সালের বিশ্বকাপে শেষবারের মতো উরুগুয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলে। এর পর কেবল ২০০২ সালে একবার বিশ্বকাপ অভিযান। ব্যাস এইটুকুই। ফুটবল নিয়ে গর্ব করার আর কিছুই অবশিষ্ট ছিল না উরুগুয়ের জনসাধারণের।এবারের ২০১০ সালের বিশ্বকাপ উরুগুয়ের ফুটবলের পুনর্জাগরণের ইতিহাস হয়েই রইবে। আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা। এর পরই ইতিহাসকে আবার মর্ত্যে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ফোরলান-সুয়ারেজরা। কিন্তু অপেক্ষা বললেই তো আর চলে না। উরুগুয়ের ফুটবল সত্যিকার অর্থেই অন্ধকার যুগ থেকে আলোয় ফিরছে কি না, তারও যে অগ্নিপরীক্ষা হতে চলেছে এই দুটি ম্যাচ।অনেকে বিরক্ত হতে পারেন। ‘দুটি ম্যাচ’, ‘দুটি ম্যাচ’ বলার কারণে। বলতে পারেন, ‘আরে ভাই, আগে তো সেমিফাইনাল জিতুক, তারপর না হয় পরের ম্যাচ। অর্থাত্ ফাইনালের কথা ভাবা যাবে।’ ঠিকই তো। আজকের হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালটাই উরুগুয়ের ফুটবলের সবচেয়ে বড় পরীক্ষা। দেশবাসীর প্রত্যাশার পারদকে ওপরে তুলে দেওয়ার পর আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই উরুগুয়ের ফুটবলারদের সামনে। আর আজকের ম্যাচেই যে উরুগুয়ের সামনে এসে পড়েছে ‘ডাচ পাইরেটস’রা। হল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটা জিততে পারলেই কেবল উরুগুয়ে দাবি করতে পারে, তাদের দেশের ফুটবলের সেই দুঃখময়, ব্যর্থতায় ঢাকা, অন্ধকার যুগের পরিসমাপ্তি ঘটেছে।ব্যাপারটি উরুগুয়ের ফুটবলারদের খুব ভালো করেই জানা। অভিজ্ঞ মানুষ কোচ অস্কার তাবারেজও জানেন ফাইনালে যেতে পারলেই এই দলের কীর্তিগাথা মনে রাখবে দেশের মানুষ, আর সেমিতে ব্যর্থ হলে ২০১০-এর সাফল্যগাথা ফিকেই হয়ে যাবে হয়তো। এই যে এত সাফল্য, দীর্ঘদিন পর বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারার আনন্দ, এর মধ্যেও উরুগুয়ের ফুটবলাররা একবারের জন্যও কিন্তু চ্যাম্পিয়ন হব, বিশ্বকাপ জিতব—এমন কোনো আশাবাদ ব্যক্ত করেননি। নীরবে বিশ্বকাপে সেমিফাইনালে উঠার আনন্দ উপভোগ করে যাচ্ছেন। আজ হল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠে দেশবাসীকে বিশ্বকাপের স্বপ্ন দেখানো যাবে—মনে মনে তাদের ভাবনাটা এমনই।কোচ অস্কার তাবারেজ এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা এমন এক অনুষ্ঠানে এসেছি, যেখানে আমাদের কেউ ডাকেনি। কিন্তু আমরা প্রমাণ করেছি, এখানে থাকার অধিকার আমাদের আছে।’ এখন সেমিফাইনালে হল্যান্ডকে হারাতে পারলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে আরও একধাপ এগিয়ে যেতে পারবে উরুগুয়ে।অর্জনই প্রত্যাশা বাড়ায়। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর উরুগুয়েবাসীর প্রত্যাশা এখন ১৯৩০ ও ১৯৫০ সালের পুনরাবৃত্তি। ব্যাপরটি নিয়ে যে একদমই ভাবছেন না, তা অবশ্য অস্বীকার করেননি তাবারেজ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের শিরোপা জেতাটা খুবই সম্ভব। কিন্তু সবচেয়ে আগে আমাদের সেমিফাইনাল জিততে হবে। সেটা অনেক কঠিন একটি ব্যাপার সন্দেহ নেই। তবে চেষ্টা করতে তো অসুবিধা নেই। সেই সামর্থ্য আমাদের রয়েছে—এটা বলতেই পারি।’তাবারেজ বাস্তবে পা রেখে হাঁটতে চান। তবে মনে পুষে রাখতে চান অনন্য প্রত্যাশা। এমন জায়গা থেকে ফেরার আর কোনো পথ যে তাদের সামনে খোলা নেই। বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ফিরে যাওয়ার যে কোনো মানে নেই!