আগে হোক টস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর কি আর ফাইনাল নিয়ে কথা বলতে ভালো লাগে? পরশুর ম্যাচ শেষে তবু বলতে হলো মাহেলা জয়াবর্ধনেকে। খানিকটা আক্ষেপ আর ঠোঁট বাঁকানো হাসিতে লঙ্কান অধিনায়ক বলেছিলেন, ‘পরে ব্যাটিং করাটা যেভাবে সহজ হয়ে যায়, দুই অধিনায়কেরই উচিত টস প্র্যাকটিস করা!’অনেকের মনে হতে পারে ‘আঙুর ফল টক।’ তবে জয়াবর্ধনের এ কথা বলার কারণ আছে যথেষ্টই। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই শুধু প্রথমে ব্যাট করা দল জিতেছে। পরের চার ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দল। প্রথম দুই ম্যাচেও জয়ের পথেই ছিল রান তাড়া করা দল। পাকিস্তানের বিপক্ষে তো জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ভালো শুরুর পরও শ্রীলঙ্কা হেরেছে ব্যাটসম্যানদের বাজে কিছু শটে। দুপুরে কিছুটা মন্থর থাকছে উইকেট। কৃত্রিম আলোয় তা সহজ হয়ে আসছে অনেকটাই, বল ব্যাটে আসছে দারুণভাবে।পাকিস্তান দলের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে আসা ইউনুস খান অবশ্য টসকে পাত্তা দিতে চাইলেন না, ‘ফাইনালে অন্তত টস এত গুরুত্বপূর্ণ নয়। আগে ব্যাট করে যদি কেউ চার শর মতো করে ফেলে, তাহলে? তা ছাড়া টস ব্যাপারটা কারও হাতে নেই। একমাত্র বিধাতাই জানেন, কে জিতবে। তবে যে-ই জিতুক, টস এত গুরুত্বপূর্ণ হবে না।’বললেন বটে, তবে কথাটা কতটা বিশ্বাস করেন ইউনুস, সংশয় আছে যথেষ্টই। টস জিতলেই ম্যাচ জয়, ব্যাপারটা হয়তো এমন নয়। তবে ফাইনালেও নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ হবে টসটা।