আগেই উড়ে গেল আফগানিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে কিছু একটা দেখে উত্সুক তাকিয়ে মাশরাফি-রাজ্জাকরা। আজ গোটা দেশ তাকিয়ে তাঁদের দিকে  শামসুল হক
অনুশীলনে কিছু একটা দেখে উত্সুক তাকিয়ে মাশরাফি-রাজ্জাকরা। আজ গোটা দেশ তাকিয়ে তাঁদের দিকে শামসুল হক

আফগানিস্তান আছে শুধু টুর্নামেন্টের সূচিতে। আফগানিস্তান আছে শুধু হোটেল রূপসী বাংলায়। বাংলাদেশ দলের আলোচনায় আফগানিস্তান কোথাও নেই। অন্তত কাল রাতের টিম মিটিংয়ের আগে তো ছিলই না।
শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপের দুঃস্বপ্নের মতো স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছিল বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুয়ারে দাঁড়ানো দলটি বন্দী হয়ে পড়েছিল চরম অস্বস্তিকর এক সময়ের হাতে। কিন্তু চার-পাঁচ দিন আগের সেই বাংলাদেশ আর কালকের বাংলাদেশ দলের মধ্যে বিরাট ব্যবধান। সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া প্রস্তুতি ম্যাচের দুই জয় ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস। সেটি এতটাই তুঙ্গে যে, সামনে এগিয়ে যাওয়ার পথে মিরপুরের আজকের আফগানিস্তান ম্যাচটাকে শুধুই একটা আনুষ্ঠানিকতা মনে করছে।
কাল সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন হয়েছে। খেলোয়াড়েরা যে যাঁর মতো ব্যাটিং-বোলিং করেছেন। অনুশীলন শেষে হোটেলে ফিরে বিশ্রাম। সন্ধ্যায় টিম মিটিং এবং পরে টিম ম্যানেজার আকরাম খানের সৌজন্যে বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বসে হোটেলেই সারা হল নৈশভোজ।
কাকে একটু দেখে খেলতে হবে কিংবা কোন ব্যাটসম্যানের সামনে বোলারদের অবলম্বন করতে হবে বাড়তি সতর্কতা, অনুশীলনের ‘সিলেবাসে’ তো ছিলই না, এসব নিয়ে খেলোয়াড়দের নিজেদের মধ্যেও সারা দিনে কোনো কথাবার্তা হয়নি। কিন্তু আজ তো ম্যাচ! আফগানিস্তানকে নিয়ে কথাবার্তা তাই একেবারেই না বললে খারাপ দেখায়। সেটা হলো, তবে শুধুই সন্ধ্যার টিম মিটিংয়ে। আলোচনার সঙ্গে চলল আফগান ক্রিকেটারদের ভিডিও বিশ্লেষণও।
ও হ্যাঁ, আফগানদের দলে আফতাব আলম নামে একজন খেলোয়াড় আছেন। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই পেসারের কোনো ভিডিও ফুটেজ ছিল না দলের কাছে। চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচের ফুটেজ সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর কাল একটি বেসরকারি টেলিভিশনের কাছ থেকে সেটা সংগ্রহ করা হল। টিম মিটিংয়ের আগ পর্যন্ত সারা দিনে আফগানিস্তান নিয়ে বাংলাদেশ দলের এই একটি তৎপরতার কথাই জানা গেছে।
কাল সন্ধ্যায় টিম মিটিংয়ের আগে টেলিফোনে দলের এক ক্রিকেটারের কাছে আফগানিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করে পাল্টা প্রশ্ন শুনতে হলো।
—আচ্ছা সবাই শুধু ‘আফগানিস্তান আফগানিস্তান’ করছেন কেন? ওদের নিয়ে আমরা মোটেও চিন্তা করছি না।
* না, মানে আপনারা ওদের কাছে এশিয়া কাপে হারলেন তো...
—তাতে কী! খেলায় হারজিত থাকে। আমরা অস্ট্রেলিয়াকে হারাইনি? একবার হেরেছি বলে আফগানিস্তানকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তা ছাড়া আমরা এখন জানি ওদের কে কোন দিকে ভালো। পেসারদের একটু দেখে খেলতে হবে, এই তো!
শুধু যে প্রস্তুতি ম্যাচের সাফল্যই হঠাৎ করে দলের মধ্যে এমন আত্মবিশ্বাস আনল, তা কিন্তু নয়। কদিন ধরে দলটা যে চোটাঘাতের মধ্য দিয়ে যাচ্ছিল, সেসব সমস্যাও এখন নেই বললেই চলে। সুস্থ হয়ে তামিম-সোহাগের প্রস্তুতি ম্যাচে খেলা, মুশফিকের উইকেটের পেছনে দাঁড়ানো, কিংবা সামান্য সমস্যা নিয়ে হলেও মাশরাফির আগের রূপে ফেরা যেন গত দুই বছরের সফল বাংলাদেশ দলের ছবিটাই ফুটিয়ে তুলেছে। হতাশার গুমোট কেটে গিয়ে দলের বাতাবরণে ফিরে এসেছে ভালোর মধ্যে আরও ভালো করার স্পৃহা।
সেই আরও শুভযাত্রার পথে আফগানিস্তানকে মনে করা হচ্ছে কেবলই একটা ছোট ‘স্পিড ব্রেকার’। ব্রেকে হালকা চাপ দিয়ে সেটা পেরিয়ে যাওয়ার পরই সাফল্যের গাড়ি আবার ছুটবে বীর বিক্রমে।