আগেই খেলোয়াড়দের নাম নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনুগ্রহপূর্বক খেলোয়াড়দের নাম প্রকাশ করবেন না’—ভারতের সর্বোচ্চ আদালতের কাছে এই আরজিই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নাকি ভারতের বেশ কজন নামীদামি আন্তর্জাতিক ক্রিকেটারের নাম আছে। চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হওয়ার আগেই যাতে কারও নাম প্রকাশ্যে না আসে সে কারণেই বিসিসিআইয়ের এই অনুরোধ। ওয়েবসাইট।
ক্রিকেট বোর্ডের এই অনুরোধ দেশটির সর্বোচ্চ আদালত রাখবেন কি না, সেটা জানা যাবে ২৫ মার্চ। গতকালই শুরু হওয়ার কথা ছিল শুনানি। কিন্তু সেটা এখন পিছিয়ে গেছে ২৫ মার্চে। তদন্ত প্রতিবেদন ও সেটির ভিত্তিতে অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুডগালের তিন সদস্যের কমিটির কিছু নির্দেশনার জবাব দিয়েছে বিসিসিআই। উত্তরটা পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই মূলত পিছিয়েছে শুনানি। ওই উত্তর দিতে গিয়েই বিসিসিআই অনুরোধ করেছে নাম না জানাতে। প্রতিবেদনটা খুবই ‘সংবেদনশীল’, আর কারও নাম প্রকাশ হয়ে গেলে ‘কালি লাগবে ক্রিকেটারদের গায়ে’—এই যুক্তিতেই অনুরোধ করেছে বিসিসিআই। সাবেক বিচারপতি মুকুল মুডগালের নেতৃত্বাধীন তিন সদস্যের তদন্ত কমিশন অবশ্য বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পান আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে থেকে অবৈধ বাজি ও তথ্য পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন।