আগেই বোল্টের একটা ‘জয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটিকসের ট্র্যাকে নামতে এখনো দেরি আছে। তার আগেই একটা জয় পেয়ে গেলেন উসাইন বোল্ট। জিতলেন মহানুভবতা দিয়ে। অ্যাথলেটিকসের এই মহাতারকা সাহায্য করলেন সতীর্থ সামান্থা আলবার্টকে। এই সাহায্য ছাড়া হয়তো অলিম্পিকে খেলাই হতো না জ্যামাইকার একমাত্র ইকুয়েস্ট্রিয়ানের। অশ্বারোহণ প্রতিযোগিতা, অথচ ঘোড়া জোগাড় করতে পারেননি বলে লন্ডনে এসেও অনিশ্চিত ছিল আলবার্টের অংশগ্রহণ। বিশ্বের দ্রুততম মানব এগিয়ে এসেছিলেন বলেই ঘোড়া ধার করে কাল গ্রিনউইচ পার্কে প্রতিযোগিতায় নামতে পেরেছেন ৪১ বছর বয়সী আলবার্ট। তাঁকে ঘোড়া ধার দিয়েছেন গ্রেট ব্রিটেনের টিনা কুক।বোল্ট সাহায্য করেছেন অর্থ জোগাড় করতে সাহায্য করে। অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারের বর্তমান চ্যাম্পিয়ন নিজের তিনটি শার্ট ও স্বাক্ষরযুক্ত দুটি বই উঠিয়েছিলেন নিলামে। নিলামের আয়োজন হয়েছিল হ্যাম্পশায়ারের হাইক্লেয়ারে আলবার্টের নিজের পানশালায়। জ্যামাইকার হয়ে খেললেও আলবার্টের বাড়িঘর আছে ইংল্যান্ডেও।তবে বোল্ট একাই শুধু সাহায্যের হাত বাড়িয়ে দেননি, নামকরা জকি ফ্র্যাঙ্কি ডেটোরিও বাড়িয়েছেন সাহায্যের হাত। লন্ডনের এক রেস্তোরাঁয় চারটি ডিনারের আয়োজন করেছিলেন এই জকি। ডিনারে অংশ নিতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে আগ্রহীদের। নিলামে প্রায় ছয় হাজার ডলার উঠেছে। এ ছাড়া জ্যামাইকান অলিম্পিক অ্যাসোসিয়েশনও দিয়েছে কিছু অর্থসাহায্য। এর পরই কাল সন্ধ্যায় ড্রেসেজ প্রতিযোগিতায় নেমেছিলেন আলবার্ট। যদিও প্রথম দিনেই বিদায় নিশ্চিত হয়েছে তাঁর। কাল গ্রিনউউচ পার্ক অ্যারেনায় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি আলবার্ট। বোল্টের অন্য রূপটাকেও তুলে ধরেছেন গণমাধ্যমের কাছে, ‘উসাইন বোল্ট খুব সাহায্য করেছে। অলিম্পিক ভিলেজের পার্টিতে তাঁর সঙ্গে আমি আমার দেখা করব।’অবশ্য নতুন ঘোড়া নিয়ে বেশি দূর যেতে পারেননি কানাডায় জন্মানো আলবার্ট। মন্ট্রিয়লে জ্যামাইকান মা ও ইংরেজ বাবার ঘরে জন্ম নেওয়া এই অশ্বারোহী জ্যামাইকার প্রতিনিধিত্ব করতে পেরেই গর্বিত, ‘জ্যামাইকার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এখানে সবাই আমার সঙ্গেই আছে।’ এএফপি।