আগেই মুক্তি পাচ্ছেন আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের জেল হয়েছে গত ৩ নভেম্বর। সে অনুযায়ী মোহাম্মদ আমিরের জেলে থাকার কথা ৩ মে পর্যন্ত। কিন্তু শেনা যাচ্ছে, তিন মাস আগেই মুক্ত আলো-বাতাসে শ্বাস নিতে পারবেন পাকিস্তানের বাঁহাতি পেসার। ‘ইয়াং অফেন্ডারস সেন্টার’-এ ভালো আচরণের জন্য ব্রিটিশ আইন অনুযায়ীই শাস্তি অর্ধেক মওকুফ হতে পারে আমিরের। ইংল্যান্ড ও পাকিস্তানের বেশ কয়েকটি পত্রপত্রিকার খবর, আগামী ৩ ফেব্রুয়ারি ছাড়া পাচ্ছেন প্রতিভাবান এই ফাস্ট বোলার। ক্রিকেট মাঠে নামার জন্য অবশ্য আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তাঁকে। ৫ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২০১৫ সালের সেপ্টেম্বরে।ঠিক ওই সময়ই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা মোহাম্মদ আসিফেরও। নিষেধাজ্ঞা সাত বছরের হলেও ডানহাতি পেসারের দুই বছরের নিষেধাজ্ঞা স্থগিত। তবে পরশু এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছেন আসিফের আইনজীবীরা। আসিফের আইনি সংস্থা লন্ডনভিত্তিক এসজেএস সলিটিরসের দাবি, তাঁদের আপিলের শক্ত ভিত্তি আছে, ‘আপিল আবেদনে আমরা তুলে ধরেছি যে আইসিসি ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল নিজেদের কার্যপ্রণালিই লঙ্ঘন করেছে এবং একদিক থেকে মোহাম্মদ আসিফের মৌলিক মানবিক অধিকারও লঙ্ঘন করেছে।’ শুধু আইসিসির নিষেধাজ্ঞা নয়, ১ বছরের জেল শাস্তির বিরুদ্ধেও আপিল করেছেন আসিফ। এএফপি, ওয়েবসাইট।