আগেই শেষ চারের প্রস্তুতি!
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ১৫ মার্চ। তার আগেই ‘সেমিফাইনালের প্রস্তুতি’ সেরে নিল নিউজিল্যান্ড। কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন অন্তত তাই মনে করেন।
পরশু প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৪ রানে হারিয়েছেন অ্যান্ডারসনরা। অ্যান্ডারসন নিজে ২৯ বলে ৬০ রান করে অবসর নিয়েছেন, বোলিংয়েও পেয়েছেন ১ উইকেট। ম্যাচের পর তাই বেশ আত্মবিশ্বাসী শোনাল তাঁকে, ‘আমরা তো গ্রুপে শ্রীলঙ্কার দেখা পাব না। কিন্তু সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখা হয়েই যায়, সে ক্ষেত্রে আমরা জানি কীভাবে তাদের হারাতে হবে।’
নিউজিল্যান্ডের গ্রুপে ভারত ছাড়াও আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান। আর প্রথম পর্ব পেরোতে পারলে বাংলাদেশও থাকবে এই গ্রুপে। এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা বেশ কষ্টকরই হবে নিউজিল্যান্ডের জন্য। তা, সেমিফাইনালের প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা নিয়েই মাথাব্যথা কেন কিউইদের! এ প্রশ্নের উত্তরে একটু পেছনে তাকাতে হচ্ছে, ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে যে এই শ্রীলঙ্কার কাছেই হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার তাই হয়তো আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখল তারা। সূত্র: মিড ডে।