আগের অবস্থানেই আছেন কামাল!
আকরাম খানের পদত্যাগ, দল নির্বাচন নিয়ে বিতর্ক—সরাসরি এসব নিয়ে কিছু না বললেও দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল সম্ভবত আগের অবস্থানেই আছেন। গতকাল মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্য এক প্রশ্নের জবাবে সভাপতি বলেছেন, ‘বোর্ডকে দল অনুমোদন দিতে হয়। তার পরও বোর্ড কোনো কথা বলবে না? যা দেবে, তা-ই সই করবে? এটা হতে পারে না।’সভাপতির দাবি, এটা তাঁরা ক্রিকেটের স্বার্থেই করেন। তবে আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘নির্বাচকদের ওপর আমাদের শতভাগ আস্থা আছে। নির্বাচক তো আমরাই বানিয়েছি।’ এই ‘আস্থা’টুকু থাকার পরও দল নির্বাচনের আগে বোর্ড সভাপতি এবং কিছু প্রভাবশালী পরিচালকের সঙ্গে আলোচনা করতে হয় নির্বাচকদের। সেই আলোচনায় অনেক সময় বাদ পড়ে যায় নির্বাচকদের লেখা নামও। বিসিবির সভাপতি এই আলোচনাকে বলছেন ‘মতবিনিময়’, ‘বোর্ড তো রাবার স্ট্যাম্প নয়। আমিও নিজেকে রাবার স্ট্যাম্প মনে করি না। নির্বাচকেরা আমাদের সঙ্গে আলাপ করেন। আলাপ করে আমরা আমাদের মতবিনিময় করি। সেই আলোচনাটা নির্বাচকেরা গ্রহণ করতে পারেন, আবার প্রত্যাখ্যানও করতে পারেন। তারা যে দল দেবেন, সেটাই হবে জাতীয় দল। এ নিয়ে বিতর্কের কিছু নেই।’