আগের কথাই বলছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়োহান ক্রুইফ।
ইয়োহান ক্রুইফ।

মেসি-নেইমার জুটি নিয়ে এখনো আগের অবস্থানেই ইয়োহান ক্রুইফ। ডাচ কিংবদন্তি আরও একবার জানিয়ে দিলেন, মেসি-নেইমার জুটি বার্সেলোনার জন্য তেমন সুফল বয়ে আনবে না। ঘটবে বরং উল্টোটাই।নেইমারের সঙ্গে চুক্তির আগেই আপত্তি তুলেছিলেন ক্রুইফ। এমনকি চুক্তির পর নিজের ফুটবলপ্রজ্ঞা আর অভিজ্ঞতা থেকে বার্সেলোনার সাবেক কোচ মেসিকে বিক্রি করে দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন! অতীতে অনেক দলই দলে তারকার মেলা বসিয়েও ভালো কিছু করতে পারেনি। কখনো কখনো বরং তারকারা অহংবোধে আক্রান্ত হওয়ায় খেসারত দিতে হয়েছে দলকে। বার্সেলোনায় মেসি-নেইমারকে নিয়ে ক্রুইফের সংশয়টা এ থেকেই।ক্রুইফের সংশয় দূর হয়নি মেসি-নেইমারকে জুটি বেঁধে খেলতে দেখার পরও। নেইমারের দেওয়া বলে গোল করছেন মেসি, মাঠে দুজনের বোঝাপড়া দেখে বার্সেলোনা আশাবাদী। কিন্তু জুটিটা জমে উঠবে বলে ভাবতে পারছেন না ডাচ কিংবদন্তি। ক্রুইফের উপলব্ধি, মেসি-নেইমার জুটি বার্সেলোনায় ফলদায়ী হবে না! নিজের বিশ্বাসে তিনি অটল বার্সার জার্সি গায়ে নেইমারের গোল-খরা দেখে। নেইমার বার্সায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৮টি। তাতে গোল করেছেন মাত্র ১টি! অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সুপার কাপের প্রথম লেগে। তাঁর সেই গোলই অবশ্য মৌসুমে প্রথম শিরোপা জিতিয়েছে বার্সাকে। কিন্তু লিগে পাঁচ ম্যাচ খেলেও এখনো কোনো গোল পাননি। তরুণ ব্রাজিলিয়ান গোল পাননি চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও। মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখাচ্ছেন, ৮ ম্যাচে চারটি গোলও বানিয়ে দিয়েছেন। মেসির সঙ্গে বলের আদান-প্রদান করছেন। কিন্তু শেষ পর্যন্ত গোলই তো আসল! তাতে সান্তোস আর ব্রাজিলের নেইমারের সঙ্গে বার্সেলোনার নেইমারকে যেন ঠিক মেলাতে পারছেন না ক্রুইফ।

পরশু রায়ো ভায়েকানোর বিপক্ষে ৮০ মিনিট মাঠে ছিলেন নেইমার। মেসির পাস থেকে দারুণ একটা বল  পেয়েও শট করেছেন পোস্টের বাইরে। ৬৬ বছর বয়সী ক্রুইফ বলছেন, ‘আমি কখনোই বলিনি, নেইমার খারাপ খেলোয়াড়। প্রশ্নটা হলো এই দলের সঙ্গে সে (নেইমার) কতটা যায়।’ গ্লোবোএস্পোর্তেকে দেওয়া সাক্ষাৎকারে ক্রুইফ আরও যোগ করেছেন, ‘নেইমার ও মেসি দুজনই আক্রমণাত্মক খেলোয়াড়। যার অর্থ রক্ষণের জন্য তারা (বার্সা) একজন খেলোয়াড় কম পাবে। এটাই হবে সমস্যা।’ এমনকি বার্সায় উইঙ্গার হিসেবে নেইমারের চেয়ে পেদ্রো এবং তেয়োকেও এগিয়ে রাখছেন ক্রুইফ, ‘বার্সেলোনার খেলার একটা দর্শন আছে। তাতে উইংয়ের খেলোয়াড়কে কঠোর পরিশ্রম করতে হয়। নেইমার, পেদ্রো বা (ক্রিস্টিয়ান) তেয়োর মতো কঠোর পরিশ্রমী নয়।’ ওয়েবসাইট।