আগের চার ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০০৭ দক্ষিণ আফ্রিকা: ভারতের উৎসব
দেশে ফিরে বলেছিলেন, ‘আক্ষেপ নেই।’ এই তো সেদিন, এশিয়া কাপে আফ্রিদির দুই ছক্কায় ভারতকে হারানোর পর প্রসঙ্গক্রমে বললেন, ‘জোহানেসবার্গকে তো সেই কবেই ভুলে গেছি।’ কিন্তু মিসবাহ চাইলেও জোহানেসবার্গ কি তাঁকে ছাড়বে? ওয়ান্ডারার্সে সেদিন পাকিস্তানের ডুবন্ত তরি তীরের কাছে নিয়ে আবার ডুবিয়ে দিয়েছিলেন মিসবাহ। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত।
গ্রুপ পর্বেও পাকিস্তানকে উদ্ধার করে ম্যাচ ‘টাই’ করেছিলেন মিসবাহ। ফাইনালেও ভারত ও জয়ের মাঝখানে সেই মিসবাহ। শেষ ৪ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৫৪। হরভজনের ১ ওভারে মিসবাহর তিন ছক্কা আর শ্রীশান্তকে সোহেল তানভিরের দুই ছক্কায় সমীকরণ চলে আসে নাগালে। শেষ ওভারে প্রয়োজন ১৩। যোগিন্দর শর্মার প্রথম বলটি ছিল ওয়াইড, পরেরটি ডট। দ্বিতীয় বলে মিসবাহর ছয়। ৪ বলে চাই ৬। পরের বলটা স্লোয়ার, মিসবাহর স্কুপ উঠল আকাশে। ওয়ান্ডারার্সের গ্যালারিতে পিনপতন নীরবতা, হূৎস্পন্দন দ্রুততর টিভি পর্দায় চোখ আটকে রাখা শতকোটি দর্শকের। বল আশ্রয় নিল ফাইন লেগে শ্রীশান্তের হাতে। বোলিংয়ে তুলাধোনা হওয়া শ্রীশান্তের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ। হাঁটু গেড়ে বসে পড়লেন মিসবাহ। ২৫ বছর পর আবার বিশ্ব শিরোপা জয়ের উৎসবে মাতল ভারত।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৫৭/৫ (গম্ভীর ৭৫, রোহিত ৩০*; গুল ৩/২৮, আসিফ ১/২৫)। পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৫২ (মিসবাহ ৪৩, নাজির ৩৩; ইরফান ৩/১৬, আর পি সিং ৩/২৬)। ফল: ভারত ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ইরফান পাঠান।

.
.

২০০৯ ইংল্যান্ড: আফ্রিদিময় শিরোপা
দৃঢ়সংকল্প। নিয়ন্ত্রিত। পরিণত। পরিমিত। দীর্ঘ ক্যারিয়ারে এই বিশেষণগুলোর কোনোটিই খুব বসেনি শহীদ আফ্রিদির নামের পাশে। ২০০৯ সালের ২১ জুনে আফ্রিদির বর্ণনায় সবগুলো বিশেষণই বসে গেল!
৫৪ রানের ইনিংসটি অবশ্য ১৩৫ স্ট্রাইক রেটের। তবে বিস্ময়ের, ৪০ বল খেলে আফ্রিদি মাত্র দুটি করে চার-ছয় মেরেছিলেন। সবচেয়ে বিস্ময়কর, তিন নম্বরে নেমে দলকে জিতিয়ে ড্রেসিংরুমে ফেরা! আফ্রিদি-ভেলায় দুই বছর আগের ফাইনাল হারের ক্ষতে প্রলেপ দেয় পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে শিরোপা জয়।
ট্রফি পাকিস্তানকে হাতছানি দেয় ম্যাচের প্রথম মিনিট বিশেকের মধ্যেই। টুর্নামেন্টের বিস্ময় তিলকরত্নে দিলশানকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন মোহাম্মদ আমির। আবদুল রাজ্জাক প্রথম স্পেলে নেন ৩ উইকেট। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৪, আফ্রিদি-গুলদের বোলিংয়ে সেটি ৬ উইকেটে ৭০। সাঙ্গাকারা-ম্যাথুসের ৪২ বলে ৬৮ রানের জুটি শ্রীলঙ্কাকে নিয়ে যায় ১৩৮ রানে। কিন্তু আফ্রিদি অমন ব্যাটিং করলে ওই রানে কি আর লড়াই হয়! ওপেনিংয়ে ঝড় তুললেন কামরান আকমল (২৮ বলে ৩৭)। পরে আফ্রিদি-মালিকের ব্যাটে ৮ বল আগেই শিরোপা। সেমির পর ফাইনালেও সেরা আফ্রিদি। অধিনায়ক ইউনিস খান জয় উৎসর্গ করলেন প্রয়াত কোচ বব উলমারকে। দিলেন টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণাও।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৮/৬ (সাঙ্গাকারা ৬৪*, ম্যাথুস ৩৫*; রাজ্জাক ৩/২০, আফ্রিদি ১/২০)। পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৩৯/২ (আফ্রিদি ৫৪*, আকমল ৩৭; জয়াসুরিয়া ১/৮, মুরালিধরন ১/২০)। ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: শহীদ আফ্রিদি।

.
.

২০১০ ওয়েস্ট ইন্ডিজ: ইংলিশদের আক্ষেপ পূরণ
ক্রিকেটের সবচেয়ে পুরোনো লড়াই নতুন রূপে। সবচেয়ে পুরোনো দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি সবচেয়ে নতুন সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ব্রিজটাউনের আলো-আঁধারিতে কলিংউড-পিটারসেনদের বাঁধনহারা উল্লাসকে মনে হলো ইংলিশ ক্রিকেটে নতুন সূর্যোদয়। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম বিশ্ব শিরোপা জয় ক্রিকেটের প্রবর্তক ইংল্যান্ডের।
সেমিফাইনালে মাইক হাসির শেষ ওভার-বীরত্বে পাকিস্তানকে হারানো অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি ফাইনালে। বিপজ্জনক ওয়ার্নার-ওয়াটসন-হাডিনকে প্রথম ৩ ওভারেই ফেরায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে ক্যামেরন হোয়াইটের সঙ্গে ডেভিড হাসির ৫০ আর ষষ্ঠ উইকেটে দুই হাসি ভাইয়ের ৪৭ রানের জুটিতে ১৪৭ রান পায় অস্ট্রেলিয়া। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানদের স্ট্রোকের দ্যুতিতে লড়াই-ই করতে পারেনি অস্ট্রেলিয়া। শন টেইট নিজের প্রথম ওভারেই ফিরিয়েছিলেন মাইকেল লাম্বকে। দ্বিতীয় উইকেটে দুর্দান্ত ফর্মে থাকা পিটারসেনের সঙ্গে কিসওয়েটারের ১১১ রানের জুটিই জয়ের বন্দর দেখায় ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৭/৬ (ডেভিড হাসি ৫৯, হোয়াইট ৩০; সাইডবটম ২/২৬, রাইট ১/৫)। ইংল্যান্ড: ১৭ ওভারে ১৪৮/৩ (কিসওয়েটার ৬৩, পিটারসেন ৪৭; স্মিথ ১/২১, জনসন ১/২৭)। ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ক্রেইগ কিসওয়েটার।

.
.

২০১২ শ্রীলঙ্কা: লঙ্কায় ক্যারিবীয় বিজয়কেতন
সারা শহর আর পুরো দেশ ছিল উৎসবের অপেক্ষায়। প্রেমাদাসার গ্যালারি ছিল টইটম্বুর। লঙ্কানদের হূদয় ভেঙে সেই মঞ্চে উৎসব করল ক্যারিবীয়রা। মেতে উঠল গ্যাংনামে, উৎসবের ঢেউ ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, বাইলা থামিয়ে বেজে উঠল ক্যালিপসো। আনন্দদায়ী ক্রিকেটে আবারও বড় কোনো বিশ্ব শিরোপা পেল ওয়েস্ট ইন্ডিজ।
পাওয়ার প্লে শেষে যে দলের রান ২ উইকেটে ১৪, ১০ ওভারে ৩২, সেই দলটাই কি না শেষ পর্যন্ত জিতল ৩৬ রানে! প্রায় অসম্ভবকে সম্ভব করেছিল মারলন স্যামুয়েলসের অসাধারণ এক ইনিংস। ১২ ওভার শেষে দলের রান যখন ৪৮, স্যামুয়েলস ৩৭ বলে ২৬। ব্যাটে-বলেই হচ্ছিল না তাঁর! টি-টোয়েন্টির কঠিনতম বোলার মালিঙ্গা আক্রমণে আসতেই যেন খেপে উঠলেন। ১ ওভারেই মারলেন তিন ছক্কা। মালিঙ্গার পরের ওভারে আরও দুটি। শেষ পর্যন্ত আউট হলেন ৫৬ বলে ৭৮ করে। মালিঙ্গার ১১ বলে ৩৯। পরে সগর্ব ঘোষণা, ‘প্রতিপক্ষের সেরা বোলারকেই আক্রমণ করতে চেয়েছিলাম!’ হকচকিত লঙ্কানরা ১৩৭ রানের জবাবে মন্থর উইকেটে ক্যারিবীয় মন্থর বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ল ১০১ রানে। প্রেমাদাসার গ্যালারিতে যখন শ্মশানের নিস্তব্ধতা, মাঠে উদ্দাম গ্যাংনাম নাচলেন স্যামি-গেইল-ব্রাভোরা!
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৩৭/৬ (স্যামুয়েলস ৭৮, স্যামি ২৬*; মেন্ডিস ৪/১২, ম্যাথুস ১/১১)। শ্রীলঙ্কা: ১৮.৪ ওভারে ১০১ (জয়াবর্ধনে ৩৩, কুলাসেকারা ২৬; নারাইন ৩/৯, স্যামি ২/৬)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৬ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মারলন স্যামুয়েলস।