আগের দিনই শুরু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর তর সইছে না? বিশ্বকাপের শুরুটা একটু এগিয়ে এলে ভালো হতো? তা-ই হবে! বিশ্বাস করুন, বৃহস্পতিবারই শুরু হয়ে যাচ্ছে ‘বিশ্বকাপের শুরু’। শুক্রবার মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন। আলোর রোশনাই, আফ্রিকান চিরায়ত সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে যাত্রা শুরু করবে এবারের বিশ্বকাপ।তার আগের দিনই জোহানেসবার্গের সোয়েটোর ওরল্যান্ডো স্টেডিয়ামে বসবে বিশাল এক গানের আসর। গানের আসর মানে, শাকিরাদের ভুবন কাঁপানো কনসার্ট। এই কনসার্টেই দক্ষিণ আফ্রিকান পপ দল ফ্লেশিগ্রাউন্ড-এর সঙ্গে মিলে শাকিরা শোনাবেন টুর্নামেন্টের অফিসিয়াল গান—ওয়াকা ওয়াকা...।শাকিরা ছাড়াও মঞ্চে উঠবেন আমেরিকান তারকা ব্ল্যাক আইড পিয়েস, অ্যালিসিয়া কেইস, জন লিজেন্ড, কলম্বিয়ার সাড়াজাগানো রক তারকা হুয়ানেস। এঁদের সঙ্গে কয়েকটি আফ্রিকান দেশের তারকা রক-পপ শিল্পীরাও আলো ছড়াবেন। আলো ছড়াবেন মালির অন্ধ গায়ক জুটি আমাদুও ও মরিয়ম।মনে রাখবেন, এ সবকিছুই উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিনের অনুষ্ঠানের কথা। কিন্তু সকার সিটিতে আসল উদ্বোধনী অনুষ্ঠানে কী হবে? আয়োজক কমিটি ও ফিফা একেবারে মুখে তালা লাগিয়ে রেখেছে। শুরু না হওয়া পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানের খুঁটিনাটি একদমই গোপন রাখতে চায় তারা। ২৫ মিনিটের খুবই জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান সম্পর্কে এটুকু আগেই জানা গেছে যে অনুষ্ঠানটি পরিচালনা করবেন ‘দ্য লায়ন কিং’ চলচ্চিত্রের জন্য খ্যাত দক্ষিণ আফ্রিকান কম্পোজার লেবো এম। এই অনুষ্ঠানে গাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি নেলসন ম্যান্ডেলা বেছে নিয়েছিলেন ‘হোপ’ নামের একটি ব্রিটিশ গান। কিন্তু গানটি যাঁর পরিবেশন করার কথা, দক্ষিণ আফ্রিকার সেই তরুণ অপেরা গায়ক সাইফিও নেটসবে মাত্র কিছুদিন আগেই হঠাৎ মারা গেছেন। লেবো এম নিশ্চিত করেননি, এই গানটি অন্য কোনো গায়ককে দিয়ে আদৌ গাওয়ানো হবে কি না। আসলে সবকিছুই গোপন রাখার একটা চেষ্টা চালাচ্ছেন লেবো এম। শেষ মুহূর্তে বিশ্বকে চমকে দেওয়ার চেষ্টা। বিশ্বও তো চমকের অপেক্ষায় আছে। এএফপি।