আগের রূপেই ফেদেরার
এ যেন নতুন এক ফেদেরার। ‘বুড়ো তারকা’ হিসেবে ইতিমধ্যেই টেনিস বিশ্বে বিশেষায়িত হওয়া এই সুইস তারকা ৩২ বছর বয়সে এসে অস্ট্রেলিয়ান ওপেনে যা খেলছেন, তাতে অবাক সবাই। তবে কি স্টিফেন এডবার্গকে মেনটর বানিয়ে একেবারেই বদলে গেলেন তিনি! এই তো কিছুদিন আগেও ‘ফেদেরার আর গ্র্যান্ডস্লাম জিতবে কি না সন্দেহ’—এমন মন্তব্য করে বসেছেন যাঁরা, তারা মেলবোর্নের কোর্টে তাঁর খেলা দেখে লজ্জায় মুখ লুকাতে জায়গা খুঁজছেন। অসাধারণ খেলে ফরাসি ১০ নম্বর তারকা জো উইলফ্রেড সোঙ্গাকে হারিয়ে তিনি এখন কোয়ার্টার ফাইনালে। তবে, এমন পারফরম্যান্সের পরও ফেদেরারকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে অ্যান্ডি মারের সঙ্গে। ফেদেরার-ভক্তদের অস্ট্রেলিয়ান ওপেনের ড্র-র ব্যাপারে শ্রদ্ধা উঠে গেলে, তাঁদের খুব দোষ দেওয়া যায় না।
অস্ট্রেলিয়ান ওপেনের ড্র নিয়ে বিরক্ত ফেদেরার নিজেও। নিজের ভদ্রলোক ইমেজ ধরে রেখেই তিনি বলেছেন, ‘ড্রটা খুব কঠিন হয়ে গেছে।’ তাঁকে এই প্রতিযোগিতার শিরোপা জিততে হলে মারেকে তো হারাতে হবেই, সেমিফাইনালে তাঁকে সম্ভবত লড়তে হবে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের সঙ্গে। আর ফাইনালে গেলে? সেখানে হয়তো ওত পেতে বসে রইবেন বরিস বেকারের ছাত্র নোভাক জকোভিচ। তাহলে কি প্রকৃতিই ফেদেরারের ফেরার মঞ্চটা তৈরি করে বসে আছে? তাঁর মতো তারকার জয়ের ধারায় প্রত্যাবর্তন এমন মঞ্চে না হলে আর ভক্তদের তৃপ্তি মিলবে কীভাবে?
সোঙ্গার সঙ্গে ঠিক আগের ফেদেরারকেই দেখা গেল। সেই সার্ভ ও ভলির মিশেল। সেই ভয়ঙ্কর ব্যাকহ্যান্ড। আক্রমণ করলেন আগের মতোই। পরপর কয়েকটি ড্রপ শট খেলে একটা গেমও জিতলেন। সার্ভ ধরে রাখা, ভাঙা—সবই দেখা গেল তুরন্ত।
ফেদেরারের এমন সাবলীল খেলা দেখে অনেকেই বলাবলি করেছেন, অ্যান্ডি মারে আদৌ ফেদেরারের সঙ্গে পেরে উঠবেন কি না। তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাটা এই কানাঘুষাতেও কমেনি ফেদেরারের। বলেছেন, ‘মারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতাটা যথেষ্টই ঝাঁঝালো হবে।’
মারেকে নিয়েও ফেদেরারের মতোই কানাকানি টেনিস বিশ্বে। সেই যে একটা উইম্বলডন জিতলেন, এরপর থেকে যেন বেশ নিষ্প্রভই এই ব্রিটিশ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের ফর্মের সঙ্গে তুলনা করে অনেকই মারের কোনো সম্ভাবনা দেখছেন না। সংবাদ সম্মেলনে তাঁকে এই ফেদেরার আর কয়েক বছর আগের ফেদেরারের মধ্যে তুলনা করতে বলা হলে তিনি কেবল বললেন, ‘বছর তিনেক আগের ফেদেরার বছরে তিনটি ম্যাচ হারত, এখন পাঁচটি হারে—পার্থক্য কেবল এতটুকুই। মারের কণ্ঠেও ফেদেরারের প্রতি সম্মানটা অটুটই রইল।
এখন কোর্টের লড়াইয়ের অপেক্ষা। সেই লড়াইয়ে উতরে গেলে ফেদেরারকে আটকানো কিন্তু কঠিনই হবে।