আগের সব বিদেশি বাদ দিয়েছে মোহামেডান
একসঙ্গে সব বিদেশি ফুটবলারই বাদ দিয়েছে মোহামেডান। কাল বিদেশি খেলোয়াড় নিবন্ধনের শেষ দিনে সাদা-কালোরা নিবন্ধন করিয়েছে সাত আফ্রিকানকে। প্রথম পর্বে তারা সাতজন বিদেশিই (সবাই আফ্রিকান) নিয়েছিল। কিন্তু কোচ এমেকার আনা ওই বিদেশিদের দু-একজন মন্দের ভালো হলেও অন্যদের একেবারেই পছন্দ করেনি ক্লাব কর্তৃপক্ষ। তাই নতুন করে বিদেশি নেওয়াটা জরুরি বলে মনে করেছে মোহামেডান।নতুন খেলোয়াড়দের নেওয়া হয়েছে ট্রায়ালের মাধ্যমে। প্রায় ২০ জন খেলোয়াড় ট্রায়াল দিয়েছেন। শেষ পর্যন্ত সাতজনকে নিবন্ধন করানো হলেও আগামী রোববার ট্রায়াল ম্যাচের মাধ্যমে পাঁচজনকে রাখা হবে। নতুন খেলোয়াড়দের দুজন স্ট্রাইকার, তিনজন মিডফিল্ডার, একজন করে সেন্ট্রাল ডিফেন্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনজন নাইজেরিয়ান, দুজন জাম্বিয়ার, একজন করে বেনিন ও ক্যামেরুনের।প্রথম পর্বের সাত বিদেশির মধ্যে স্ট্রাইকার বাসডেন উইলকক্সকে রাখার চিন্তাভাবনা ছিল ক্লাবের। উইলকক্স গোল করেছেন সাতটি, গোলদাতাদের তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়। উইলকক্সকে বাদ দেওয়ার ব্যাপারে এক কর্মকর্তা জানিয়েছেন, কোচ এমেকার সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ওই স্ট্রাইকার। কোচ চাননি বলেই বাদ। নতুন বিদেশিদের নিয়ে দ্বিতীয় পর্বে ভালো করতে চায় মোহামেডান। এই প্রথম পর্বে ১০ ম্যাচে ১১ পয়েন্ট। অবস্থান পঞ্চম। নতুন বিদেশিরা ভালো মানের হলে হয়তো এর চেয়ে আরেকটু ভালো করা সম্ভব। তবে এই খেলোয়াড়েরা কেমন, তা এখনো বলা যাচ্ছে না। এমনি ক্লাব কর্মকর্তারাও এটা নিয়ে রাখঢাক করছেন। দলীয় ম্যানেজার ও বাফুফের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হওয়া আমিরুল ইসলাম বলেছেন, ‘যথাসম্ভব ভালো খেলোয়াড়ই নেওয়ার চেষ্টা করা হয়েছে। মাঠে নামলেই বোঝা যাবে। তবে আশা করি, এই খেলোয়াড়েরা আগের বিদেশিদের চেয়ে ভালো হবে।’ বিদেশি খেলোয়াড় যাচাই-বাছাইয়ের সঙ্গে যুক্ত পরিচালক সারোয়ার হোসেনের কথা, ‘অগ্রিম কিছু বলে লাভ নেই। আমরা অপেক্ষা করছি তাদের খেলা দেখার।’