কদিন পরই দুজন হবেন প্রবল প্রতিপক্ষ। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা আর পুনরুদ্ধারের লড়াইয়ে দুই দলের বড় ভরসাও দুজন। তবে মহাযুদ্ধের আগে একটা ব্যাপারে একমত দুজনই। দিবারাত্রির টেস্টে খুব একটা আগ্রহ নেই মাইক হাসি ও আলভিরো পিটারসেনের। সামনের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সঙ্গে দিবারাত্রির টেস্টের সম্পর্ক নেই। তবে ওই দুজনের মতামতের গুরুত্ব যথেষ্টই আছে। দিবারাত্রির প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে যে দুজনেরই।দিবারাত্রির টেস্টে বরাবরই আগ্রহটা সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে দিবারাত্রির ম্যাচ চালু করেছিল তারা সেই মধ্য নব্বইয়ে। হাসির প্রথম শ্রেণীর ক্যারিয়ার তখন সবে শুরু। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন কয়েকটি ম্যাচ। সেই অভিজ্ঞতা থেকে হাসির উপলব্ধি, দিন ও রাতের কন্ডিশনের পার্থক্যটা বড় ব্যবধান গড়ে দিতে পারে, ‘রাতের টেস্টের ভক্ত আমি নই। টেস্ট ক্রিকেট যেভাবে আছে, সেটাকেই আমি ভালোবাসি। ক্যারিয়ারের শুরুতে কিছু দিন-রাতের শিল্ড ম্যাচ খেলে আমি খেয়াল করেছি দিনের আলো আর কৃত্রিম আলোর ব্যাটিংয়ে বড় ধরনের পার্থক্য আছে। দুর্ভাগ্যজনকভাবে কোনো একটি দলকে সবচেয়ে কঠিন সময়ে ব্যাটিং করাটা টেস্ট ম্যাচের ভাগ্য গড়ে দিক, এটা আমি মোটেও চাইব না। আমি ব্যক্তিগতভাবে দিনের টেস্ট ম্যাচই রেখে দিতে চাই।’শেফিল্ড শিল্ডের দিবারাত্রির ম্যাচে তখন খেলা হয়েছিল হলুদ ও কমলা বলে। হাসির দাবি, দুই রঙের বলেই সমস্যা ছিল, ‘আমি প্রথমে খেলেছি হলুদ বলে। ওটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু সিডনির মতো কিছু জায়গায় বল দেখা কঠিন হতো। কমলা বল ছিল কিছুটা যেন ধূমকেতুর মতো। এটাও আদর্শ ছিল না। গোলাপি বলে এখনো খেলিনি। শুনছি সামনে নাকি এটারই পরীক্ষা হবে, দেখা যাক।’পিটারসেনের অভিজ্ঞতা আরও তরতাজা। গত বছরই কাউন্টিতে দিবারাত্রির ম্যাচে গ্ল্যামরগনের হয়ে খেলেছেন কেন্টের বিপক্ষে। এই ওপেনারের মূল অভিযোগ বল নিয়ে, ‘আমি নিশ্চিত, দর্শক আগ্রহের দিক থেকে এটা ভালো হবে। কিন্তু যত দূর জানি, দিবারাত্রির টেস্ট ম্যাচের উপযুক্ত বল এখনো খুঁজে পাওয়া যায়নি। গত বছর গ্ল্যামরগনের হয়ে যখন কেন্টের বিপক্ষে কৃত্রিম আলোয় প্রথম শ্রেণীর ম্যাচ খেললাম, সম্ভবত চারবার বল পরিবর্তন করতে হয়েছিল আমাদের। প্রথমে আমরা কুকাবুরা বলে খেলেছি, পরে টিফ্লেক্স বলে। কোনোটাই খুব বেশি সময় টেকেনি।’হাসি যতই কন্ডিশনের কথা বলুন, উপযুক্ত বল পাওয়াটাই আসলে এখন দিবারাত্রির টেস্টের সামনে একমাত্র বাধা। অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে উপযুক্ত বল তৈরি করতে খুব বেশি দেরি হওয়ার কথাও নয়। আইসিসি অনুমোদন দিয়ে দিয়েছে, অচিরেই তাই দেখা যেতে পারে দিবারাত্রির টেস্ট। ওয়েবসাইট।