আগ্রাসী রুনিকেই চান ডিফো
বহু দিন পর ওয়েইন রুনিকে আবার দেখা গেল সেই পুরোনো চেহারায়। একসময় পারফরম্যান্সের জন্য যত না, তার চেয়ে বেশি আলোচনায় থাকতেন মাঠে মাথা গরম করে। চুলগুলো যে তাঁর দেদার ঝরে যাচ্ছে, মূল কারণ বুঝি মাথার উত্তাপ সহ্য করতে না পারাই!গত কিছুদিনে সেই দুর্নাম অনেকটাই ঘুচিয়ে ফেলেছিলেন গত বিশ্বকাপেও লাল কার্ড দেখে শেষ করা এই স্ট্রাইকার। কিন্তু প্লাটিনাম স্টারসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রেফারিকে ছাপার অযোগ্য গালি দিয়ে দেখলেন হলুদ কার্ড। পরে আবার বল দখলের লড়াইয়ে না পেরে তেড়ে গেলেন প্রতিপক্ষের এক ফুটবলারের দিকে। যাঁকে ঘিরে ৪৪ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন দেখছে ইংলিশরা, তাঁর ‘পুরোনো ফর্ম’ ফিরে পাওয়ায় আতঙ্কিত গোটা ইংল্যান্ড।ওই ম্যাচের রেফারি জেফ সেলোগিলউই বলেই দিয়েছেন, আচরণ না পাল্টালে বিশ্বকাপে ভুগতে হবে রুনিকে। ইংল্যান্ডকে তো বটেই। বিশ্বকাপের ঠিক আগের এই ঘটনায় অনেকের মনে উঁকি দিচ্ছে গত বিশ্বকাপের স্মৃতিটাও। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে রিকার্ডো কারভালহোকে মাড়িয়ে দিয়ে দেখেছিলেন লাল কার্ড, দলও বিদায় নিয়েছিল হেরে। তবে রুনির স্ট্রাইকিং জুটি জার্মেইন ডিফো কিন্তু চিন্তার কিছু দেখছেন না। বরং আগ্রাসন রুনির সেরাটা বের করে আনে বলেই ধারণা টটেনহাম হটস্পার স্ট্রাইকারের, ‘এমন আগ্রাসী থাকলেই মাঠে রুনিকে সেরা রূপে দেখা যায়। এটা কেড়ে নিলে এই একই রুনি থাকবে না।’ প্রমাণ পাওয়া গেছে অবশ্য পরশুর ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার ক্লাব দলটির বিপক্ষে দলের হতাশাজনক পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন রুনি। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয়টি বানিয়ে দিয়েছেন, নিজে করেছেন শেষটি। কিন্তু আগ্রাসন মানেই তো আর রেফারিকে গালি দেওয়া নয়। শিরোপা-পিপাসু ইংলিশদের জন্যই সবচেয়ে বেশি প্রয়োজন রুনির মেজাজে লাগাম পরানো। তাঁর মতো এত প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন খুব কম খেলোয়াড়ই। এর জন্য ‘দায়ী’ অবশ্য রুনি নিজেই। ক্লাব ও দেশের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সটা এতটাই দুর্দান্ত যে শিরোপা-খরা কাটানোর ব্যাপারে নিশ্চিত হয়ে বসে আছেন অনেক ইংলিশ। প্রত্যাশার চাপটা অবশ্য বরাবরই রুনির বড় শত্রু।তবে এসবই এ মৌসুমের আগের কথা। ক্রিস্টিয়ানো রোনালদো ছেড়ে যাওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডে যখন হা-হুতাশ, ফার্গুসন ঘোষণা করলেন রুনিই হবেন তাঁর তুরুপের তাস। তাঁকে খেলানো শুরু করলেন একটু সামনে। দায়িত্বটাই হয়তো বের করে আনল আসল রুনিকে। ইনজুরিটা মাঝে মাঝেই ঝামেলা পাকানোর পরও এ মৌসুমে রেড ডেভিলদের হয়ে ৪৪ ম্যাচে করেছেন ৩৪ গোল। সফল জাতীয় দলেও, বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন সব মহাদেশ মিলিয়েই দ্বিতীয় সর্বোচ্চ ৯ গোল।সতীর্থরাই শুধু নন, প্রতিপক্ষ আর বোদ্ধারাও তাঁকে বলছেন বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন। ইংল্যান্ডের প্রতিপক্ষদের জন্য আরও আতঙ্কের কথা জানিয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউ সতীর্থ মাইকেল ওয়েন, ‘আপনাদের ভাবনার চেয়েও ভালো রুনি!’ পরশুর ম্যাচের পর রুনিও জানাচ্ছেন মাঠে নামতে তর সইছে না তাঁর, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। যত তাড়াতাড়ি বিশ্বকাপ শুরু হয়, ততই ভালো।’ইংলিশদের এখন চাওয়া, ‘রুনি, মেজজাটা শুধু একটু সামলে রাখো!’ এএফপি, ওয়েবসাইট।