আঘাতটা ইচ্ছাকৃত নয়, দাবি জুনিগার

তাঁর হাঁটুই শেষ করে দিয়েছে নেইমারের বিশ্বকাপ। কলম্বিয়ান ডিফেন্ডার জুনিগা অবশ্য পুরো বিষয়টিকেই ‘অনিচ্ছাকৃত’ ঘটনা বলে এড়িয়ে যেতে চাচ্ছেন।
ব্রাজিলীয় তারকাকে সাধারণভাবে ট্যাকল করতে গিয়েই নাকি ঘটেছে ঘটনাটা, ‘এটা খুবই সাধারণ একটা ঘটনা। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। আঘাত করার কোনো দুরভিসন্ধি আমার ছিল না। পুরো ব্যাপারটাই অনিচ্ছাকৃত ও দুঃখজনক।’
জুনিগা যখন সাংবাদিকদের কাছে আত্মপক্ষ সমর্থন করছিলেন, ফোর্তালেজা হাসপাতালে তখন চিকিত্সকেরা শুশ্রূষা দিচ্ছেন নেইমারকে। কলম্বিয়ান ডিফেন্ডার বোধ হয় তখনো জানতেন না, তাঁর অনিচ্ছাকৃত হাঁটুর আঘাতে বিশ্বকাপই শেষ হয়ে গেছে ফুটবল-বিশ্বের অন্যতম সেরা এই তারকার। জানেন না বলেই জুনিগা বললেন, ‘আশা করছি সে দ্রুতই সেরে উঠবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খারাপ কিছু না হয়।’
নেইমারের আহত হওয়ার ঘটনাটা ম্যাচের ৮৮ মিনিটের। কলম্বিয়া তখন ২-১ গোলে পিছিয়ে। জুনিগার দাবি ওই সময় গোল পরিশোধের জন্য প্রচণ্ড মরিয়া হয়ে ওঠার কারণেই নাকি ঘটেছে দুর্ঘটনাটা, ‘আমরা গোল করতে চাচ্ছিলাম। সময়ও ফুরিয়ে আসছিল। আমি তো দেশের হয়ে লড়ছিলাম। কাউকে ইচ্ছা করে আঘাত করার জন্য মাঠে নামিনি। নেইমার দারুণ খেলোয়াড়। সে ব্রাজিল শুধু নয় গোটা ফুটবল বিশ্বেরই অন্যতম সেরা প্রতিভা।’ সূত্র: রয়টার্স