অভিযোগ তো নয়, যেন একেকটি গোলা। অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐতিহ্য, আভিজাত্য আর ভাবমূর্তি ধরেই তো টান দিয়েছেন মিকি আর্থার! মাইকেল ক্লার্ক বা শেন ওয়াটসনের জন্য অবশ্যই সবচেয়ে বিব্রতকর, তবে সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটের গায়েই তো কালিমা ছুড়েছে আর্থারের প্রতিটি অভিযোগ। সহজে পার পাওয়ার কথা তাই ভুলেই যেতে পারেন আর্থার। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান পল মার্শ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আগেই। সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে প্রথম পাটকেলটা ছুড়লেন শেন ওয়ার্ন। আর্থারের অভিযোগমালা আর ক্ষতিপূরণ দাবিতে কিংবদন্তি স্পিনারের প্রতিক্রিয়া, ‘আঙুর ফল টক।’ নোটিশ ছাড়াই মেয়াদের দুই বছর আগে কোচের পদ থেকে বরখাস্ত করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে ৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন আর্থার, অথবা ফিরিয়ে দিতে বলেছেন কোচের দায়িত্ব। মামলার কাগজপত্রে উল্লেখ করেছেন, অস্ট্রেলিয়া দলে অন্তঃকলহ ও ক্লার্ক-ওয়াটসনের দলাদলির কথা। দাবি করেছেন, বোর্ডকে পাশে পাননি হোমওয়ার্কগেট কেলেঙ্কারিতে, দক্ষিণ আফ্রিকান বলে শিকার হয়েছেন বৈষম্যের। অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ক ফাঁস করে দিয়েছে এসব। গোপনীয় কাগজপত্র ফাঁস হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, তবে আর্থার এটা বলেননি, যা বলা হচ্ছে সব মিথ্যা। তার মানে সত্যিই ওসব অভিযোগ করেছেন তিনি।
স্কাই স্পোর্টস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আর্থারকে দারুণ এক ফ্লিপার ছুড়েছেন ওয়ার্ন। বলেছেন, আর্থারের বরং কৃতজ্ঞ থাকা উচিত অস্ট্রেলিয়াকে কোচিং করানোর সুযোগ পাওয়ায়, ‘সে চেষ্টার সর্বোচ্চ করেছে, নিজের সবটা উজাড় করে দিয়েছে। এ জন্যই তার কথাগুলো আমার কাছে “আঙুর ফল টক”-এর মতো শোনাচ্ছে। অভিযোগ-অসন্তোষ কিছু থাকলে তিনি আড়ালে তা নিয়ে কথা বলতে পারতেন। কিন্তু আমার মনে হয়, এখন তাঁর চুপ করে থাকা উচিত, কারণ চার মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের প্রশ্নই আসে না। খুবই হতাশার ব্যাপার যে সে এখন অর্থ চাইছে। সম্ভবত তার উচিত হোমওয়ার্ক-গেটে ফিরে গিয়ে কিছু লাইন লেখা এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে কিছু কাগজপত্র পাঠানো।’
কখনোই ক্রিকেট অস্ট্রেলিয়ার ভক্ত ছিলেন না ওয়ার্ন, বরং সুযোগ পেলেই বিদ্ধ করেন সমালোচনার তিরে। তবে আর্থারকে সময়মতো সরিয়ে দেওয়ায় বোর্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ১০০১টি আন্তর্জাতিক উইকেটের মালিক, ‘যখন সবকিছু ঠিকঠাক হচ্ছিল না, ক্রিকেট অস্ট্রেলিয়া খুব সক্রিয় ভূমিকা পালন করেছে। কোনো কিছু পরিকল্পনামতো না এগোলে কোচকেই সবার আগে যেতে হয়। দায়টা নিতে হয় কোচ অথবা অধিনায়ককে, আর অস্ট্রেলিয়া নিশ্চয়ই মাইকেল ক্লার্ককে বাদ দিতে পারত না। তাই আর্থারকেই যেতে হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠোর সমালোচকদের একজন আমি, কিন্তু লেম্যানকে নিয়োগ দেওয়ায় তাদের বাহবা দিতেই হবে। দারুণ কাজ করেছে বোর্ড, প্রথম টেস্টে হারলেও দলকে আগের চেয়ে উজ্জীবিত দেখিয়েছে।’ ওয়েবসাইট।