আচরণবিধির জালে শ্যুটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুধু ক্রিকেটেই আছে খেলোয়াড়দের জন্য অবশ্যপালনীয় আচরণবিধি। বোর্ড যেহেতু খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী বেতন দেয়, সে জন্য খেলোয়াড়েরা সেটি মানতে বাধ্য। কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটাররা আচরণবিধিতে স্বাক্ষর করেন।
ফুটবলে আচরণবিধি থাকলেও তাতে স্বাক্ষর করার বাধ্যবাধকতা নেই। হকিতে খেলোয়াড়েরা একটা আচরণবিধিতে স্বাক্ষর করেছেন বর্তমান ক্যাম্পে যোগ দেওয়ার আগে। তাতে অবশ্য কঠোর কোনো শর্ত রাখা হয়নি। ফুটবল ও হকি খেলোয়াড়দের বেতন দেয় না বলে আচরণবিধি নিয়েও অতটা উচ্চকিত নয়।
বড় বড় ফেডারেশনই যেখানে পেশাদারির ছোঁয়া পায়নি, শ্যুটিং তো অনেক পেছনেই। শ্যুটিং ফেডারেশন খেলোয়াড়দের বেতনের আওতায় আনেনি, ক্যাম্পে থাকলেও মাসে কোনো টাকা দেয় না। সেই শ্যুটিং ফেডারেশন শ্যুটারদের জন্য ক্রিকেটের চেয়েও কঠিন এক ‘কোড অব কন্ডাক্ট’ প্রণয়ন করেছে! এটি ভঙ্গ করলেই শ্যুটারদের পেতে হবে কঠোর শাস্তি।
১৮টি ধারার ৫, ৯ ও ১০ নম্বর ধারায় বলা হয়েছে ফেডারেশনের সব কমিটির কার্যক্রম নিয়ে গোপনীয়তা রক্ষা করতে হবে, কোনো শ্যুটার ফেডারেশনের লিখিত অনুমতি ছাড়া রেডিও-টিভির অনুষ্ঠানে যেতে পারবেন না এবং ফেডারেশনের অনুমতি ছাড়া দৈনিক পত্রিকা, টিভিতে সাক্ষাৎকার দিতে পারবেন না। জুনিয়র শ্যুটাররা এতে স্বাক্ষর করে দিয়েছেন। সিনিয়র ১১ জন শ্যুটারের মধ্যে স্বাক্ষর করেছেন শুধু ২০০৪ সাফ গেমসে সোনাজয়ী শারমিন আক্তার ও মাহমুদুল হাসান।
তিনটি ধারা নিয়ে আপত্তি তুলে তা সংশোধনের জন্য ফেডারেশনকে পাল্টা চিঠি দিয়েছেন সিনিয়র নয়জন—আবদুল্লাহেল বাকি, শারমিন আক্তার রত্না, সুরাইয়া আক্তার, আরমিন আশা, তৃপ্তি দত্ত, আরদিনা ফেরদৌস, জেসিমুজ্জামান, শোভন চৌধুরী ও মিতি দেওয়ান।
সিনিয়র খেলোয়াড়দের বক্তব্য, এভাবে হাত-পা বেঁধে রাখলে খেলা সম্ভব নয়। সারাক্ষণই শাস্তির ভয়ে থাকতে হবে। ক্লাব শ্যুটারকে বেতন দেয়, অথচ গোপনীয়তার কথা বলে ক্লাবকে কিছু জানানো যাবে না। ফেডারেশনকে লিখিত দিয়ে রেডিও-টিভিতে যাওয়া মানে আড়ালেই চলে যেতে হবে। আচরণবিধিতে স্বাক্ষর করতে এবং ফেডারেশন কর্মকর্তাদের ‘স্যার’ বলতেও নাকি চাপ দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। এসব নিয়ে ক্ষোভে ফুঁসছেন শীর্ষ শ্যুটাররা।
ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইশফাক আহমেদ ব্যাখ্যা করলেন কেন এই আচরণবিধি, ‘খেলোয়াড়দের শৃঙ্খলার মধ্যে রাখতেই এই উদ্যোগ। কেননা, খেলাধুলা মানেই শৃঙ্খলা। যা নিশ্চিত করতে চায় ফেডারেশন। এতে তো সমস্যার কিছু নেই। শীর্ষ শ্যুটারদের আপত্তি প্রসঙ্গে তাঁর কথা, ‘তাদের কোনো পর্যবেক্ষণ থাকলে সেটা সভাপতি সাহেব নিশ্চয়ই দেখবেন।’ ফেডারেশন সভাপতি নাজিমউদ্দিন চৌধুরীর আজই বিষয়টা নিয়ে শ্যুটারদের সঙ্গে বসার কথা।
এই আচরণবিধির ব্যাপারে বিওএর সহসভাপতি মিজানুর রহমান মানুর দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, ‘বিষয়টা সম্পর্কে বিওএ অবগত নয়। তবে খেলোয়াড়দের গণসম্পৃক্ততা ও বিকাশ বাধাগ্রস্ত হওয়ার মতো কিছু করা উচিত নয় ফেডারেশনের।’