কয়েক দিন ধরে বেশ চিন্তিত বিসিবির বর্তমান অস্থায়ী কমিটির এক সদস্য। জীবনভর যে ক্লাবের জন্য শ্রম দিয়েছেন, সে ক্লাব থেকে কাউন্সিলরশিপ পাননি। অগত্যা নির্বাচন করতে হচ্ছে অন্য ক্লাবের পরিচয়ে। তিনি শঙ্কিত, আসল পরিচয় হারিয়ে গিয়ে নির্বাচনের পরও না থেকে যায় নির্বাচনী ক্লাবের পরিচয়!
এ রকম শঙ্কা অনেকেরই থাকলেও বিসিবির নির্বাচন করার ব্যাপারে ছাড় দিতে রাজি নন কেউ। প্রয়োজনে পরিচয়-সংকটের ঝুঁকি নিতেও রাজি, তবু কোনো কিছুর বিনিময়েই ছাড়া যাবে না বোর্ডে থাকার সুযোগ। তবে কাউন্সিলর বা ভোটার হওয়া মানেই পরিচালক পদে নির্বাচনে লড়ার সুযোগ নয়। বিসিবির কাউন্সিলর এবার ১৭২ জন হলেও নির্বাচনী লড়াই হবে মাত্র ২৩টি পদের জন্য। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা ও বরিশাল শিক্ষা বোর্ড নাম জমা দিলে কাউন্সিলর সংখ্যাটা হতো ১৭৪। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত ২৩ পরিচালকের বাইরেও তিনজন পরিচালক আসবেন বোর্ডে। তাঁদের সরাসরি মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
শোনা যাচ্ছে, বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসানও হতে পারেন সেই তিন ভাগ্যবানের একজন। পরিচালক পদে নির্বাচন না করে এনএসসির মাধ্যমে এসে তিনি সরাসরি নির্বাচন করতে পারেন বোর্ড সভাপতি পদে। গুঞ্জন সত্যি হলে বিসিবির সভাপতি প্রকারান্তরে সরকার মনোনীতই হবেন। তবে আসলেই সে রকম কিছু হচ্ছে কি না, সেটা জানা যেতে পারে আজ। রাজধানীর এক হোটেলে ‘সম্মিলিত পরিষদের’ ব্যানারে নাজমুল হাসান সমর্থিত প্যানেলের পরিচিতি অনুষ্ঠান হওয়ার কথা দুপুরে।
ক্যাটাগরি-২-এ ঢাকার ক্লাব ক্রিকেটের ৫৮ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তবে কাল পর্যন্ত যা খবর, তাতে সম্ভবত কিছু জটিলতার মুখোমুখি হচ্ছে এই ক্যাটাগরির নির্বাচন। শেখ রাসেল ক্রীড়াচক্রের কাউন্সিলর হিসেবে নাম জমা দিয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ও রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাব থেকে জালাল ইউনুস। কিন্তু দুই ক্লাবই নাকি চিঠি দিয়ে জানিয়েছে এ দুজন তাদের কাউন্সিলর নন।
একই সমস্যা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর ক্যাটাগরি-১-এও আছে। এই শ্রেণীর ১৩টি কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জানিয়েছে ফোরাম। তবে আজ এসব আপত্তি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। আজই এসবের শুনানির পর কাল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
মেহেরপুর না আসায় ক্যাটাগরি-১-এ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ৭০ জন, আর এই শ্রেণীর ভোটে পরিচালক হবেন ১০ জন। প্রতিটি বিভাগের কাউন্সিলররাই নির্বাচিত করবেন সে বিভাগের পরিচালক। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও এই বিভাগের সব জেলা মিলিয়ে চট্টগ্রামের মোট কাউন্সিলর ১১ জন। চট্টগ্রাম বিভাগের দুই পরিচালক নির্বাচিত হবেন শুধু তাদের ভোটেই। একইভাবে ঢাকা বিভাগের ১৮ জন কাউন্সিলর নির্বাচন করবেন এই বিভাগের দুই পরিচালককে। খুলনা বিভাগ থেকেও নির্বাচিত হবেন দুজন পরিচালক, মেহেরপুর না আসায় এ বিভাগে ভোট ১০টি। এ ছাড়া সিলেটের পাঁচজন, রাজশাহীর নয়জন, বরিশালের সাতজন ও রংপুরের নয়জন কাউন্সিলর নিজ নিজ বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচন করবেন।
ভোটযুদ্ধ সবচেয়ে জমজমাট হবে ক্যাটাগরি-৩-এ। এই শ্রেণীতে মোট ৪৫ জন ভোটার হওয়ার কথা থাকলেও বরিশাল শিক্ষা বোর্ড না আসায় সংখ্যাটা ৪৪। আর এই ৪৪ কাউন্সিলর মাত্র একজন পরিচালককে নির্বাচিত করবেন! ক্যাটাগরি-৩-এ ভোটের বিভাজনটা এ রকম—সার্ভিসেস দল বাংলাদেশ বিমান, বাংলাদেশ পুলিশ এবং আনসার ও ভিডিপি থেকে একজন করে মোট তিনজন ভোটার। শিক্ষা বোর্ড থেকে সাতজন (বরিশাল শিক্ষা বোর্ড এলে হতো আটজন), পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নয়জন, এনএসসি থেকে পাঁচজন, জাতীয় দল ও প্রথম শ্রেণীর সাবেক ক্রিকেটারদের থেকে ১০ জন, জাতীয় দলের সাবেক অধিনায়কদের মধ্য থেকে পাঁচজন এবং বিকেএসপি, মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব থেকে একজন করে মোট পাঁচজন। ভোটারের এই রকমফের দেখে বোঝাই যাচ্ছে, ভোটপ্রার্থীদের মন গলানোর কায়দাটা একটু বেশিই জানা থাকা চাই এই বিভাগে।
তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত ২৩ জন ও এনএসসি মনোনীত তিনজন মিলে বোর্ড পরিচালকের সংখ্যা দাঁড়াবে ২৬ জন। সেখান থেকে পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি। সভাপতি যে শ্রেণী থেকে আসবেন, পরিচালনা পর্ষদের শূন্য পদটি পূরণের জন্য সেই শ্রেণীর ইচ্ছুক প্রার্থীদের মধ্যেই নির্বাচন হবে আবার। আর যদি সভাপতি নির্বাচিত হন এনএসসি মনোনীত কেউ, সে ক্ষেত্রে নির্বাচনের দরকার হবে না। শূন্য কোটা পূরণ করবে এনএসসিই।