আছে অর্জনের হাতছানিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের মাঝামাঝি তিনি বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন, বিদায়ী শুভকামনা এল রিয়াল মাদ্রিদ শিবির থেকে। যেন গার্দিওলাকে আর প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে না বলে রিয়ালও কত ব্যথিত!
আসলে নিছক সৌজন্য। ভেতরের অনুভূতি তো উল্টোটাই হওয়ার কথা। চার বছর বার্সেলোনার কোচ থাকা অবস্থায় গার্দিওলা তো আর কম ভোগাননি রিয়ালকে।
গেলেন ঠিকই। কিন্তু তখনো রিয়াল জানত না প্রায় দুই বছর পরে ওই গার্দিওলাই তাদের চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপার পথে বড় বাধা হয়ে দাঁড়াবেন। সুইজারল্যান্ডের নিয়নে পরশুর ড্র শেষ চারে রিয়াল মাদ্রিদের সামনে দাঁড় করিয়ে দিল বায়ার্ন মিউনিখকে। কিন্তু এই মহারণে রিয়ালের একটা মনস্তাত্ত্বিক লড়াই কি হবে না গার্দিওলার সঙ্গেও? বার্সার কোচ হিসেবে রিয়ালকে যতটা ভুগিয়েছিলেন সেটা কি কিছুটা হলেও ফিরিয়ে দিতে চাইবে না এই সুযোগে?
সেমিফাইনাল এবং ফাইনালে এ রকম আরও অনেক প্রতিশোধ আর অর্জনের প্রেক্ষাপট তৈরি করে রেখেছে চ্যাম্পিয়নস লিগ।
পুরোনো ইতিহাস রিয়ালের সঙ্গে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার সম্পর্কটাকে শীতল বানাতে পারে। তবে তাদের এখনকার কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে গার্দিওলার খুব একটা রেষারেষি নেই, যেমনটা ছিল সাবেক কোচ হোসে মরিনহোর সঙ্গে। ড্রয়ের পর আনচেলত্তি বরং গার্দিওলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, স্বীকার করেছেন বিশ্বের অন্যতম সেরা কোচের বিপক্ষে কৌশলের লড়াইয়ে নামতে হবে তাঁকে। এই সদ্ভাবটুকু ছাড়াও কোচ হিসেবে দুজনের ক্যারিয়ারে দারুণ মিল। দুবার করে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দুজনই। সেমিফাইনালের পর যেকোনো একজনের সামনে সুযোগ থাকবে তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতে বব পেইসলির রেকর্ডে ভাগ বসানোর।
এ সুযোগটা থাকছে গার্দিওলার পুরোনো শত্রু আর চেলসির এখনকার কোচ হোসে মরিনহোর সামনেও। পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো মরিনহো এবার যদি লিসবনে শিরোপা জিততে পারেন, তাহলে একদিক দিয়ে সবাইকেই ছাড়িয়ে যাবেন। পেইসলির তিনটি শিরোপাই লিভারপুলের হয়ে। গার্দিওলা দুবারই জিতেছেন বার্সেলোনার হয়ে, আনচেলত্তির শিরোপা দুটি এসেছিল এসি মিলানে। আলাদা তিনটি ক্লাবের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার সৌভাগ্য হয়নি ফুটবল ইতিহাসের কোনো কোচের!
মরিনহো কি পারবেন সেই ইতিহাস গড়তে? ওয়েবসাইট।