আছে মাঠের বাইরের আগুনও
খেলা শুধুই খেলা। নির্মল বিনোদনের এই ব্যাপারটার সঙ্গে দয়া করে রাজনীতিকে জড়াবেন না। রাজনৈতিক তিক্ততার ইতিহাস আছে, এমন দুই দেশের খেলা হলে এ কথাগুলো শোনা যায় কান পাতলেই। কিন্তু আসলেই কি তাই? ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল তো সেই কবেই লিখে গেছেন, ‘আন্তর্জাতিক খেলা যুদ্ধই, শুধু গোলাগুলিটা নেই।’বাস্তবতা এটাই। তত্ত্বকথা যতই ওড়ানো হোক, খেলা আর রাজনীতিতে আবেগ এত বেশি জড়িয়ে যে, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা প্রায় অসম্ভব। উপমহাদেশের ক্রীড়ামোদীদের চেয়ে ভালো এটা আর কারা জানে! যেকোনো খেলাতেই ভারত-পাকিস্তান লড়াই মানেই আলাদা এক উত্তেজনা তো ওই রাজনৈতিক-ভৌগোলিক কারণেই। বিশ্ব ফুটবলের অঙ্গনেও আছে রাজনীতির কঙ্কাল বয়ে বেড়ানো এমন অনেক লড়াই। এবারের ইউরোর প্রথম পর্বেই যেমন বাড়তি উত্তেজনা রাশিয়া-পোল্যান্ড, ইংল্যান্ড-ফ্রান্স। তবে রাজনৈতিক ইতিহাসের পাল্লায় জার্মানি-হল্যান্ড লড়াইয়ের চেয়ে ভারী কিছু বিশ্ব ক্রীড়াঙ্গনেই সম্ভবত খুব একটা নেই। আজ খারকিভে সেই লড়াই, যা সব সময়ই ছাড়িয়ে যায় ফুটবলের সীমানা।দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মান সেনাদের হল্যান্ড দখল, পাঁচ বছর ধরে ধ্বংসলীলা চালানো, লাখো ডাচ হত্যা—ইতিহাসটা জানা প্রায় সবারই। ফুটবল যেহেতু দুই দেশেরই প্রাত্যহিক জীবনের অংশ, বিশ্বযুদ্ধের পর দুই দলের প্রতিটি লড়াই ছিল উত্তেজনার বারুদে ঠাসা। মঞ্চ আর উপলক্ষ অনেক বড় বলে দুটি লড়াই তো স্থায়ী জায়গা পেয়ে গেছে ফুটবল-ইতিহাসেই।একটি ১৯৭৪ বিশ্বকাপ ফাইনাল। টোটাল ফুটবল দিয়ে টুর্নামেন্ট কাঁপানো ইয়োহান ক্রুইফের দলই ছিল শিরোপা জয়ে ফেবারিট। ইয়োহান নিসকেন্সের পেনাল্টি গোলে দুই মিনিটেই এগিয়ে গিয়েছিল ডাচরা। কিন্তু পল ব্রাইটনার ও জার্ড মুলারের গোলে শেষ পর্যন্ত শিরোপা জিতে নেয় জার্মানি (সেই সময়ের পশ্চিম জার্মানি)। ম্যাচ শেষে যেন পুরোপুরি ভেঙে পড়েছিলেন ডাচ মিডফিল্ডার উইলেম ফন হানেজেম। যতটা না শিরোপা না-পাওয়ায়, তার চেয়ে অনেক বেশি জার্মানদের কাছে হারায়, ‘ওরা আমার বাবা, বোন ও দুই ভাইকে হত্যা করেছে। আমি পুরোপুরি বিধ্বস্ত। আমি ওদের ঘৃণা করি।’ সময়ের সঙ্গে সঙ্গে ফন হানেজেম পরে আবেগে বাঁধ দিয়েছেন। কিন্তু দুই দলের বৈরিতা কমেছে সামান্যই। ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নেয় হল্যান্ড ১৯৮৮ ইউরোতে, ঘরের মাটির আসরের সেমিফাইনাল থেকে জার্মানদের বিদায় করে দিয়ে। ৩৩ বছর পর ডাচরা আবার যেন মেতেছিল মুক্তির আনন্দে। গোলকিপার হান্স ফন ব্রুকেলেন বলেছিলেন, ‘যুদ্ধে যাঁরা ভুগেছেন, সেই প্রজন্মকে এমন একটা উপহার দিতে পেরে আমি উচ্ছ্বসিত।’ ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে হারানোর পর ডাচ কোচ রাইনাস মিশেলস বলেছিলেন, ‘আমরা শিরোপা জিতেছি; কিন্তু সবাই জানে, আমাদের আসল ফাইনাল ছিল সেমিফাইনালটাই।’ ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাতীয় সংগীতের সময় একে অপরকে দুয়ো দিয়েছে দুই দলের সমর্থকেরা। সময় অনেক কিছুকেই হালকা করে দেয়। বিশ্বযুদ্ধের কয়েক প্রজন্ম পর এই দুই দলের বৈরিতাও খানিকটা কমেছে। তবে যেটুকু আছে, উত্তেজনার পারদ চূড়ায় তুলতে যথেষ্ট অতটুকুই। আজ তো আবার ডাচরা হারলেই বিদায় অনেকটা নিশ্চিত। অপেক্ষা তাই আরেকটি আগুনে লড়াইয়ের!