আছেন পর্তুগিজ আশার প্রদীপ

পর্তুগালই শুধু নয়, পুরো ফুটবল-বিশ্বই ছিল শঙ্কিত। ফিফা বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলতে না পারাটা হতো ফুটবলপ্রেমীদের জন্যও হতাশার। রং হারাত বিশ্বকাপও। সেই ভয় কেটে গেছে। রোনালদো মাঠে তো ফিরেছেনই। চোট কাটিয়ে প্রথমবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে ফিরে পাওয়ার জন্য পর্তুগিজদের এত ব্যাকুলতা, এত প্রার্থনা।
নিজে গোল পাননি। তবে সতীর্থকে দিয়ে একটা গোল করিয়েছেন। বেশ কয়েবার নিজের দুর্দান্ত গতি আর ক্ষিপ্রতায় আয়ারল্যান্ডের রক্ষণে ঝড় তুলেছেন। একবার তাঁর দুর্দান্ত ফ্রি-কিক প্রতিহত হয়েছে পোস্টে। তার চেয়েও বড় কথা, রোনালদো স্পর্শে পর্তুগাল হয়ে যায় অন্য এক দল। আগের দুটি প্রীতি ম্যাচে রোনালদোবিহীন পর্তুগাল ছিল সাদামাটা এক দল। গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মেক্সিকোর বিপক্ষে কোনোরকমে ১-০ গোলের জয়। রোনালদোকে ফিরে পেয়ে সেই পর্তুগালই পরশু আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। স্ট্রাইকার হুগো আলমেইদা করেছেন জোড়া গোল। ভেইরিনহা, কোয়েন্ত্রাও একটি করে। অন্যটি আত্মঘাতী।
শুরুর একাদশে নেমে রোনালদো খেলেছেন ৬৬ মিনিট। যতক্ষণ মাঠে ছিলেন, রিয়াল মাদ্রিদ তারকা বল ধরলেই করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামের ৪৬ হাজার দর্শক। রোনালদোর মতোই চোটশঙ্কায় ভোগা রাউল মেইরেলেসও নামেন শুরুর একাদশে। এমনকি আগের দিনও যিনি আলাদা করে অনুশীলন করেছেন, সেই পেপেও বদলি হিসেবে নেমে খেলেছেন ২৪ মিনিটের মতো। মানে চোটশঙ্কা কাটিয়ে বেন্তো পূর্ণশক্তির দলই মাঠে নামাতে পেরেছেন৷ বিশাল জয়, স্ফীত প্রত্যাশা নিয়েই ব্রাজিলগামী বিমানে চড়ে বসতে পারছেন কোচ বেন্তো।
উচ্ছ্বাসটা আড়ালও করেননি পর্তুগাল কোচ। বিশেষ করে রোনালদোকে স্বরূপে দেখে বেন্তোর বুক থেকে যেন পাথরভার নেমে গেছে, ‘রোনালদো দুর্দান্ত খেলেছে। বিশেষ করে দুই সপ্তাহ প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার পর ফেরাটা ছিল গুরুত্বপূর্ণ। তার মতো খেলোয়াড় যেকোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ, যেখানেই সে খেলুক। আমাদের ক্ষেত্রেও তাই। তাকে ফিরে আসতে দেখাটা দারুণ।’ রোনালদোর ফেরাটা ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার নানির কাছে লাগছে দুর্দান্ত, ‘আমি মনে করি সে দেখিয়েছে যে সে ভালো আছে এবং শতভাগ ফিট।’ চোট থেকে সবাইকে ফিরে পাওয়াটাকে ‘খুবই ইতিবাচক’ বলেছেন বেন্তো, ‘খেলোয়াড়েরা সবাই ফিট। আমাদের আর কোনো উদ্বেগ নেই।’ এএফপি।