সপরিবারে ভারতে আইপিএল দেখতে গেছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। সেখানে থেকে টেলিফোনে বললেন, ‘এখনই নাম বলা যাবে না। তবে অনেক বড় কোচ আনছি এবার।’ স্টুয়ার্ট ল-র পর এবারও নতুন কোচের সন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। অনেক কোচের এজেন্ট যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। তিনিও আভাস দিলেন, ‘টেস্ট খেলুড়ে দলের কোচিংয়ের অভিজ্ঞতা আছে, এমন বড় কাউকেই আনতে চাইছি আমরা।’—জাতীয় দলের নতুন কোচ খুঁজতে গিয়ে বিসিবি যেসব বিষয় বিবেচনা করছে, তার মধ্যে অন্যতম নামে ভারী হতে হবে। সঙ্গে আছে আরও কিছু শর্ত। কোচকে হতে হবে ব্যাটিং বিশেষজ্ঞ। কোচ হিসেবে এযাবৎকালে তাঁর সাফল্যের হার সন্তোষজনক হতে হবে। বাংলাদেশ দলের সঙ্গে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত থাকতে রাজি হবেন। কোচ আইপিএল বা এ জাতীয় কোনো টুর্নামেন্টে যেতে চাইবেন না। আশা করা হচ্ছে, এসব শর্ত পূরণ করে এ মাসের মধ্যেই জানা যাবে স্টুয়ার্ট ল-র উত্তরসূরির নাম। নতুন কোচ চেয়ে বিসিবির দেওয়া বিজ্ঞাপন অনুযায়ী আবেদনের শেষ সময় আগামী ১৫ মে।তবে এমন নয়, বিজ্ঞাপন দেখে আবেদন করাদের মধ্য থেকেই নেওয়া হবে নতুন কোচ। প্রয়োজনে এর বাইরে গিয়েও কোচ খোঁজা হতে পারে। সূত্র জানিয়েছে, ক্রিকেটে উন্নত কয়েকটি দেশের বোর্ডের কাছেও সেসব দেশের ভালো কোচদের সম্পর্কে ধারণা চেয়েছে বিসিবি। তবে নতুন কোচ যে-ই হোন, মোটা অঙ্কের বেতনই গুনতে হবে বিসিবিকে। মোটামুটি মানের কোচদেরও নাকি মাসে ২০-২৫ হাজার মার্কিন ডলারের কমে পাওয়া কঠিন হয়ে পড়েছে। সদ্য বিদায়ী অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল বেতন পেতেন মাসে সাড়ে ১৮ হাজার ডলার। সঙ্গে ছিল অন্যান্য সুযোগ-সুবিধা।শেষ পর্যন্ত কে হতে পারেন বাংলাদেশ দলের নতুন কোচ? এখন পর্যন্ত বাজারে অনেক নাম—মিক নিউয়েল, ডারমট রিভ, ডিন জোন্স, অ্যালান ডোনাল্ড, জন রাইট, টিম নিলসেন। এঁদের মধ্যে ডোনাল্ড কাল বলে দিয়েছেন, বিসিবি থেকে কোনো প্রস্তাবই তিনি পাননি। পেলেও বাংলাদেশে আসার ইচ্ছা নেই। বিসিবির আগ্রহ কম জোন্স আর রিভের বিষয়ে। জন রাইটের সঙ্গে কোনো পর্যায়েই কোনো যোগাযোগ হয়নি। মোটা অঙ্কের বেতন চাচ্ছেন বলে টিম নিলসেনকে নিয়ে আলোচনা নাকি আপাতত স্থগিত। নটিংহ্যামশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট মিক নিউয়েল আছেন পছন্দের দ্বিতীয় সারির তালিকায়।কোচ নিয়োগের সঙ্গে সম্পৃক্ত এক বোর্ড পরিচালক কাল হাসতে হাসতে বললেন, ‘যাদের নাম এখন পর্যন্ত মিডিয়ায় এসেছে তাদের কেউ আমাদের প্রথম পছন্দের তালিকায় নেই। যারা প্রথম পছন্দের তালিকায় আছেন, তাদের কারও নাম এখনো মিডিয়ায় আসেনি।’ তাহলে প্রথম পছন্দের তালিকায় আছেন কারা? সংগত কারণে প্রশ্নটি এড়িয়ে গেলেও একটি ‘ক্লু’ দিলেন ওই পরিচালক, ‘দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড থেকেই আসবে নতুন কোচ।’বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় স্থায়ী হয়ে যাওয়া ইংলিশ কোচ রিচার্ড পাইবাস সম্ভাবনায় ওপরের দিকেই আছেন। এই সূত্র উড়িয়ে দিচ্ছে না অস্ট্রেলিয়ার টিম নিলসেনকেও। নিউজিল্যান্ডের সাবেক ইংলিশ কোচ অ্যান্ডি মোলসের নামটাও চাইলে যোগ করে নিতে পারেন। বাংলাদেশের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনিও।নতুন কোচ নিয়ে বিসিবির লুকোচুরি নতুন কিছু নয়। কারণটাও জানা, সম্ভাব্য কোচদের নাম আগেই জানাজানি হয়ে গেলে পরে দরদামে সমস্যা হয়। অতীত থেকে শিখে এবার তাই মুখে তালা মেরে রাখার চেষ্টা সবার। এই কৌশলে সফল হয়ে যদি জাতীয় দলের জন্য একজন ভালো কোচ খুঁজে পাওয়া যায়, মন্দ কী? তবে অবস্থা যা, তাতে আগামী ১৫ মের মধ্যে আরও না কত নাম চলে আসে আলোচনায়!ভারত থেকে বিসিবি সভাপতির দেওয়া আশ্বাসটা সত্যি হলে অবশ্য সে আশঙ্কা কমই। ‘আমরা কাজ প্রায় গুছিয়ে এনেছি। আশা করছি, আগামী ৩-৪ দিনের মধ্যে নতুন কোচ চূড়ান্ত হয়ে যাবে’—টেলিফোনে বলেছেন মুস্তফা কামাল।