পাকিস্তান সিরিজে এখনো উইকেট নিয়েই বেশি আলোচনা হচ্ছে। আমারও মনে হয়, এবার উইকেটই বেশি ভোগাচ্ছে আমাদের। আমাদের খেলোয়াড়েরা খুব ভালো খেলতে পারছে না সত্যি, তবে উইকেট এর একটা বড় কারণ।মিরপুরের উইকেটে কখনোই বল এ রকম টার্ন করতে দেখিনি। অথচ পাকিস্তানের বিপক্ষে উচিত ছিল একেবারে ব্যাটিং উইকেট বানানো। ব্যাটিং উইকেটে ২৫০ রান করলেও আমাদের সুযোগ থাকবে। কিন্তু এমন টার্নিং উইকেটে ওরা ১৭০ রান করলেও আমাদের জন্য তা অনেক রান। কারণ, আমাদের স্পিনারদের চেয়ে ওদের স্পিনাররা ভালো। আমাদের দলে বিশ্বমানের স্পিনার থাকলেও বর্তমানে ওদের স্পিনাররা বেশি ফর্মে। ওদের তিনজন স্পিনার ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দশে আছে। সেই বোলারদের সামনেই কিনা আমরা দিলাম স্পিনিং উইকেট! এই সিরিজে তাই উইকেটটাই পার্থক্য তৈরি করে দিচ্ছে। খেলা দেখে মনে হচ্ছে, উইকেট পাকিস্তানের কাছে যে রকম অপরিচিত, একই রকম আমাদের কাছেও।তবে শুধু উইকেটকে দোষ দিয়ে দায়মুক্তি ঘটবে না। উইকেট খুব খারাপ, পাকিস্তানের বোলাররা এক্সট্রা অর্ডিনারি—সবই মানলাম। কিন্তু আমাদের ব্যাটিংটাও কি খুব ভালো হচ্ছে? যেভাবে আমরা আউট হয়েছি, সেটা মানা কঠিন। সাঙ্গাকারা-হাসিরা খেললে এই উইকেটেও রান করার একটা উপায় বের করে ফেলত। আমাদের ব্যাটসম্যানদের কেউই তা পারছে না।প্রথম ওয়ানডেতে আমাদের ব্যাটসম্যানরা বেশি রক্ষণাত্মক হয়ে গিয়েছিল। উইকেটে শট খেলতে কষ্ট হলে সিঙ্গেলসের ওপর খেলা উচিত। আমরা সেটা বাদই দিয়ে ফেলছি। প্রতিপক্ষ ভালো বল করলে ঝুঁকি না নিয়ে সিঙ্গেল নিয়ে নিয়ে রান এগিয়ে নিতে হয়। উইকেটে সেট হয়ে গেলে একটা সময়ে ব্যাটসম্যান খারাপ বল পাবেই। আগেই মাথা নুইয়ে ফেললে দলের ওপর চাপ চলে আসে।আমাদের বোলিং খুবই ভালো হচ্ছে। কিন্তু স্কোরবোর্ডে রান না থাকলে ভালো বোলিং করেই বা লাভ কী? ১০০ রান করে বোলারদের ওপর চাপ দিলে তো হবে না। প্রথম ওয়ানডেতে যদি পাকিস্তান ১০ উইকেটেও জিতত, তাও বোলারদের কিছু বলার থাকত না। তার পরও প্রতিটা ম্যাচ থেকে কিছু প্রাপ্তি অবশ্যই থাকে। এই ম্যাচেও পুরো দলের জন্য আত্মবিশ্বাসী হওয়ার মতো ব্যাপার বোলারদের সাফল্য। অন্তত এটুকু বুঝতে পারছি, ব্যাটসম্যানরা ভালো একটা স্কোর দিতে পারলে বোলাররা জয়ের সুযোগ তৈরি করতে পারবে।সিরিজ শুরুর আগে বলেছিলাম, পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। তার পরও আমি এখনো আশাবাদী। আর ৯১ রান তাড়া করতেই ৫ উইকেট হারিয়ে ফেলায় পাকিস্তানও যে খুব আত্মবিশ্বাসী, তা নয়। বোলিংটা হয়তো ভালো হচ্ছে ওদের, কিন্তু ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ওদেরও আছে। টি-টোয়েন্টিতেও ওরা সে রকম স্কোর করতে পারেনি।কাজেই বেশি হতাশ না হয়ে আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। চাপ আসবে। কিন্তু সেটা নিয়েই যদি ভাবতে থাকি, তাহলে এই সিরিজে ফেরার আর কোনো সুযোগ থাকবে না। আগে কী হয়েছে না ভেবে আজকের ম্যাচটাকে একটা নতুন ম্যাচ হিসেবেই নেওয়া ভালো। এখানে যেকোনো কিছু হতে পারে। তামিম বা সাকিব যে এই ম্যাচে একটা সেঞ্চুরি মারবে না, সেটা কে বলতে পারে!