
নেট বোলারদের গায়ে নীল জার্সি। অস্ট্রেলিয়ানরা তো অস্ট্রেলিয়ার জার্সিতেই। এঁদের মধ্যে সাদা-কালো টি-শার্ট পরা ওই লোকটা কে? এ দেখি আবার বলও করছে! আরে, শেন ওয়ার্ন না?
শেন ওয়ার্নই! মুহূর্তেই দিকে দিকে বার্তাটা রটে গিয়ে এসসিজির নেটের পেছনে ভিড়। ঘুরেফিরে দুটি নেটে মাইকেল ক্লার্ক, জেমস ফকনার ও শেন ওয়াটসনকে বোলিং করলেন ওয়ার্ন। অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা না দেওয়ার প্রবাদটা মনে করিয়ে দিয়ে তিনজনকেই বিস্তর ভোগালেন। ফকনারকে বোল্ড করে দেওয়ার পর এক দর্শক চিৎকার করে বললেন, ‘কামব্যাক, শেন!’
যা শুনে ওয়ার্ন হাসলেন। আরও কিছুক্ষণ বোলিং করে বন্ধু মাইকেল ক্লার্কের সঙ্গে কথাটথা বলে তাঁর সঙ্গেই বেরিয়ে গেলেন নেট থেকে।
সিডনির সেমিফাইনালে ভারত সামনে পড়ার পর থেকেই ‘স্পিন, স্পিন’ একটা রব উঠেছে। নেটে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের স্পিন খেলার জন্য বাড়তি প্রস্তুতি নেওয়ায় তাই আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্য হতে পারেন এটা ভেবে যে, ভারতীয় দলে তো কোনো লেগ স্পিনার নেই, তা হলে নেটে ওয়ার্নকে ডাকা কেন?
মাইকেল ক্লার্কের সংবাদ সম্মেলন একটু আগেই হয়ে গেছে। তাঁকে তাই জিজ্ঞেস করার আর সুযোগ নেই। ওই সংবাদ সম্মেলনেই অবশ্য এমন একটা প্রশ্ন হলো, যা শুনে ক্লার্ক রীতিমতো বিস্মিত। অস্ট্রেলিয়ায় স্পিনের স্বর্গধাম বলে বিবেচিত এই এসসিজি। সেমিফাইনালের ভেন্যু বেছে নেওয়ার সুযোগ থাকলে ভারত নির্ঘাত এই এসসিজিতেই খেলতে চাইত। অথচ রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে, এই মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ১৪টি ওয়ানডে খেলে ভারতের জয় মাত্র একটি। অস্ট্রেলিয়ার সঙ্গে দুটির বেশি ওয়ানডে খেলেছে, এমন সব ভেন্যুর মধ্যে ভারতের সবচেয়ে বাজে রেকর্ড এখানেই। যা শুনে ক্লার্ক বললেন, ‘আমি সত্যিই বিস্মিত। আমি তো ভেবেছিলাম, ওরা এখানে আরও অনেক বেশি জিতেছে।’
এই বিশ্বকাপের আগে অবশ্য অস্ট্রেলিয়ার সব মাঠই ভারতের কাছে একই রকম লেগেছে। কোনো ম্যাচ তো জিততে পারেইনি, শেষ দুটি টেস্ট ম্যাচে ড্র বাদ দিলে গ্রীষ্মজুড়ে শুধু পরাজয়ের পর পরাজয়। ত্রিদেশীয় সিরিজে এমনকি ইংল্যান্ডের কাছেও পাত্তা পায়নি। বিশ্বকাপ শুরু হতেই কীভাবে সেই দল ভোজবাজির মতো বদলে গেল, এ নিয়ে বিস্ময়ের শেষ নেই। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়া পুরোনো সেই ক্ষতগুলো খুঁচিয়ে তোলার কথা। কাল ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা রোহিত শর্মা তাঁর অনায়াস ফ্লিক খেলার ভঙ্গিতেই যা উড়িয়ে দিচ্ছেন, ‘ওসবের এখন আর কোনো মূল্য নেই। আগে যা ঘটেছে, আমরা তা ভুলে গিয়ে এই বিশ্বকাপ শুরু করেছি।’
সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ানরা হাওয়ায় গুলি ছুড়ছেন। ‘কথার লড়াই’ বলার কোনো উপায়ই নেই। একতরফা কথা হলে সেটিকে লড়াই বলা যায় নাকি! প্রতিদিনই অস্ট্রেলিয়া দলের কেউ না কেউ সংবাদমাধ্যমের সামনে এসেছেন। জেমস ফকনার, মিচেল জনসন ও অ্যারন ফিঞ্চ কথা বলেছেন আগের তিন দিন। ‘হাওয়ায় গুলি ছোড়া’ বলার কারণ, কালকের আগ পর্যন্ত ভারতীয় দল থেকে নীরবতা দিয়েই উত্তর দেওয়া হয়েছে। প্রথার বাইরে গিয়ে শুধু ম্যাচের আগের দিন আর ম্যাচের পর সংবাদ সম্মেলনেই দেখা মিলছে ভারতীয়দের। গত বিশ্বকাপে প্রচণ্ড সমালোচনার পরও এই নীতিতে কাজ হওয়ায় মহেন্দ্র সিং ধোনি তা বদলানোর কোনো কারণ দেখেননি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক আসার নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়ে কাল যেমন রোহিত শর্মাকে পাঠিয়ে দিলেন। চার মাসেরও বেশি অস্ট্রেলিয়ায় খেলার কারণে কোন মাঠে কেমন খেলতে হবে, সেটি মুখস্থ হয়ে গেছে জানিয়ে যিনি বললেন, ‘আমরা একটা মিশন নিয়ে এসেছি। বিশ্বকাপ জিততে পারলে এখানে পাঁচ মাস থাকতেও আমাদের আপত্তি নেই।’
শুধু এত দিন ধরে অস্ট্রেলিয়ায় খেলার কারণেই শুধু মাঠগুলোকে ‘হোম গ্রাউন্ড’ বলে মনে হচ্ছে না ভারতের, তাতে ভূমিকা রাখছে গ্যালারিও। অন্যসব দলের বিপক্ষে গ্যালারিতে ভারতীয়দের সংখ্যাধিক্য তা-ও মেনে নেওয়া যায়, কিন্তু আজ অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও গ্যালারি নাকি তেমনই থাকবে। মাইকেল ক্লার্ক ও ডেভিড ওয়ার্নার দুদিন আগে টুইট করে অস্ট্রেলিয়ানদের মাঠে আসার ডাক দিয়েছিলেন। তাতেও যে ভারতীয়দের সঙ্গে পারা সম্ভব নয়, সেটি কাল মেনেই নিলেন ক্লার্ক। ভারতীয়রা যদি গ্যালারির দখল নিয়েও নেয়, মাঠটা যে তাঁদের এটা বোঝাতে এসসিজিকে বেশ কয়েকবারই বললেন ‘আমাদের আঙিনা’।
সেই আঙিনায় অস্ট্রেলিয়ার দুর্দান্ত রেকর্ড। যেখানে ওয়ানডেতে সর্বশেষ পরাজয় তিন বছর আগে। এর সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালের রেকর্ড বিবেচনায় নিলে তো ম্যাচের আগেই ক্লার্কের দলকে জয়ী বলে ঘোষণা করে দেওয়া যায়। সেমিফাইনালে যে কখনোই হারেনি অস্ট্রেলিয়া।
সর্বশেষ যে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠেছে, সেই তিনটিতেও জয়। অথচ এই ম্যাচের আগে ‘বিগ ম্যাচে’ ভালো খেলার কৃতিত্বটা কেন যেন ভারতকেই দিয়ে দেওয়ার একটা রব উঠেছে। রোহিত শর্মাও গর্বভরে ঘোষণা করলেন, বিগ ম্যাচই ভারতীয় খেলোয়াড়দের সেরাটা বের করে আনে।
‘বিগ ম্যাচ’—এ নিয়ে কোনো প্রশ্ন নেই। বিশ্বকাপের সেমিফাইনাল বলেই শুধু নয়, মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক দল। যাঁরা জিতেছে সর্বশেষ চারটি বিশ্বকাপ। এই ম্যাচের একটা দায়ও আছে। কাল এসসিজিতে সবাই যেন আগের দিন অকল্যান্ডে প্রথম সেমিফাইনাল নিয়ে আচ্ছন্ন। সাবেক উইজডেন সম্পাদক শিল্ড বেরি যেটিকে বিশ্বকাপের তৃতীয় সেরা ম্যাচের স্বীকৃতি দিয়ে দিলেন। তাঁর চোখে ১ আর ২ নম্বর ১৯৯৯ বিশ্বকাপে এজবাস্টনের সেমিফাইনালে ‘টাই’ ম্যাচ আর গতবারের ফাইনাল।
তুলনায় অনেক বেশি আলোচিত এই সেমিফাইনালের এখন অকল্যান্ডের মতো স্মরণীয় এক ম্যাচ উপহার দেওয়ার দায়।