আজ অ্যাটলেটিকো, কাল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে লিওনেল মেসি। কাল বার্সেলোনায় ।  রয়টার্স
অনুশীলনে লিওনেল মেসি। কাল বার্সেলোনায় । রয়টার্স

ফিলিপে লুইস স্বীকার করছেন না। তাতে কী! মনে মনে অ্যাটলেটিকো মাদ্রিদের এই লেফটব্যাক যেমন জানেন, তেমনি অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকেরাও জানেন—আসল পরীক্ষাটা আগামী শনিবার। ভিসেন্তে ক্যালদেরনে যেদিন বার্সেলোনাকে আতিথ্য দেবে ডিয়েগো সিমিওনের দল।
সমান ম্যাচে সমান পয়েন্ট সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় লা লিগার শীর্ষে বার্সেলোনা। শুধু এই হাড্ডাহাড্ডি লড়াইটার কারণে নয়, এমন একটা ম্যাচ মানসিকভাবে যেমন অনেক এগিয়ে দেয়, তেমনি ভূমিকা রাখে শিরোপা নির্ধারণেও। আগে থেকে ওই ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা না করে থাকা যায়?
কিন্তু সেই লড়াইয়ে নামার আগে আরও দুটি ম্যাচ খেলবে অ্যাটলেটিকো। তার একটি আজ লিগে মালাগার বিপক্ষে, কোপা ডেল রেতে মঙ্গলবার অন্য ম্যাচের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এখনই এত দূরের কথা না ভেবে তাই সবচেয়ে কাছের ম্যাচটা নিয়েই ভাবছেন অ্যাটলেটিকো ডিফেন্ডার লুইস, ‘যতটুকু জানি, কোচ কিংবা দলের কেউ এখনই বার্সেলোনার সঙ্গে ম্যাচ নিয়ে ভাবছে না। হয়তো সমর্থকেরা ভাবছেন কিন্তু আমাদের ভাবনায় এখন শুধুই মালাগা ম্যাচ।’
আসল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালাই করে নেওয়ার জন্য দুটি ম্যাচ হাতে পাচ্ছে বার্সেলোনাও। প্রায় দুই সপ্তাহের বিরতির পর লা লিগায় কাল জেরার্ডো মার্টিনোর দলের প্রতিপক্ষ এলচে, বুধবার কোপা ডেল রেতে ন্যু ক্যাম্পে আতিথ্য নেবে গেটাফে। বার্সার জন্য সুখবর, চোট কাটিয়ে অবশেষে ফিরেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি ও গোলরক্ষক ভিক্টর ভালদেস। পরশু আর্জেন্টিনা থেকে ফিরে মেসি দলের সঙ্গে অনুশীলন করলেও কাল এলচের বিপক্ষে খেলবেন কি না, তা নিশ্চিত হয়নি। তবে ভালদেস কালই মাঠে নামছেন এটা প্রায় পরিষ্কার করে দিয়েছে বার্সেলোনার ওয়েবসাইট, ‘বার্সেলোনার প্রথম একাদশের জন্য সুখবর, অনুশীলন শেষে ভালদেসকে পুরো ফিট ঘোষণা করেছেন চিকিৎসকেরা।’
বার্সা-অ্যাটলেটিকোর চেয়ে এ মুহূর্তে ৫ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে সেল্টা ভিগোর সঙ্গে। এএফপি, ওয়েবসাইট।