আজ আদালতে দাঁড়াচ্ছেন মেসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে সবাই দেখতে অভ্যস্ত সবুজ মাঠে। সেই লিওনেল মেসিকেই আজ হাজির হতে হচ্ছে আদালতে। চমকে উঠলেন? না, অন্য কিছু নয়, সেই কর ফাঁকি মামলাতেই মেসিকে আজ উঠতে হবে কাঠগড়ায়। আজ বাংলাদেশ সময় দুপুরে বার্সেলোনার গাভা শহরের আদালতে হাজিরা দিতে হবে মেসি ও তাঁর বাবা হোর্হে মেসিকে।
বোমাটা ফেটেছিল গত জুনে। এত দিন যাঁকে নিষ্কলুষ জেনে এসেছে সবাই, সেই মেসি নাকি কর ফাঁকি দিয়েছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত নিজের ইমেজ স্বত্বের প্রায় ৪২ কোটি টাকা নিজের আয়কর বিবরণীতে দেখাননি। স্পেনের কর বিভাগ কাতালুনিয়ার আদালতে মেসি ও তাঁর বাবার নামে মামলা করে। ব্যাপারটা আদালতে গড়ানোর পর একটা আশঙ্কার মেঘও উঁকি দিয়েছিল আকাশে। তবে কি হাজতবাস করতে হবে মেসিকে? আগস্টেই মেসিরা জরিমানাসহ প্রায় ৫২ কোটি টাকা পরিশোধ করার পর সেই শঙ্কাটা কমে যায়।
মেসি অবশ্য এর আগে দাবি করেছিলেন, ব্যাপারটা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। উদ্বেগটা যে খুব একটা কাবু করতে পারেনি, সেটা তো মাঠেই দেখা গেছে। গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা যেন শুরু করেছেন সেখান থেকেই। সাত ম্যাচে ১০ গোল করে বুঝিয়ে দিয়েছেন, এই বিতর্ক তাঁর খেলায় কোনো প্রভাব ফেলতে পারেনি।
কিন্তু ভাবমূর্তি এমন একটা জিনিস, যেটাতে আঁচড় লাগলে দাগটা রয়ে যায় চিরদিন। মেসির জনপ্রিয়তায় ধস না হোক, তা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনাও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। কিন্তু সে রকম কিছু হয়নি। কেন? উত্তরটা দিচ্ছেন কাতালান ক্রীড়া সাংবাদিক এনরিক বানেরেস, ‘বার্সেলোনায় মেসির ভাবমূর্তিটা এতই ভালো, এ ঘটনায় তাতে প্রভাব পড়া কঠিন। তা ছাড়া কর ফাঁকি দেওয়া স্পেনে খুবই সাধারণ একটা ঘটনা, সিয়েস্তা (দুপুরের ভাতঘুম) বা পায়েল্লার (স্প্যানিশ খাবার) মতোই। আর সমর্থকেরা পারতপক্ষে তাঁদের আইডলের সমালোচনা করতে চায় না। তাঁকে ক্ষমা করে দিতে বা অন্য কারও ওপর দোষ চাপাতে পারলেই খুশি হয়।’
সে ক্ষেত্রে একজনকে বলির পাঁঠা হতে হয়। সেটা হয়েছেন মেসির সাবেক এজেন্ট রডোলফো চিনোক্কা। মেসির বাবার আদালতের কাছে পাঠানো দলিল অনুসারে এই চিনোক্কাই মেসির ইমেজ-সংক্রান্ত আয়ের দিকটা দেখাশোনা করতেন। চিনোক্কা অবশ্য সেটা অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে সময়ের ঘটনা, এর আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন।
যা-ই হোক, মেসি আদালতে দাঁড়াচ্ছেন, আজকের দিনে এর চেয়ে বড় খবর আর কী হতে পারে! এএফপি।