আজ আবার এল ক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে কাতালান স্বাধীনচেতনা, অন্যদিকে স্প্যানিশ আভিজাত্য। একদিকে ‘টিকিটাকা’র ছন্দ; অন্যদিকে তীব্র গতি, পাল্টা-আক্রমণের সুতীক্ষ ধার। একদিকে কুলেস, অন্যদিকে লস মেরেঙ্গুয়েজ। এভাবে শুধু স্পেন নয়, পুরো ক্লাব ফুটবলের বিশ্ব মানচিত্র আজ দুই ভাগে ভাগ হয়ে যাবে। আজ যে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা! রিয়াল নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সাকে।‘আতিথ্য’! কথাটা শোনায় ভালো। কিন্তু বাস্তবের ছবিটা হবে অন্য রকম। হাসিমুখ থাকবে টস আর দুই দলের দুই অধিনায়কের স্যুভেনির বিনিময় পর্যন্তই। এ ছাড়া প্রতিটি পদক্ষেপে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিদ্বন্দ্বিতা।দুই দলের এই লড়াইটার নাম ‘এল ক্লাসিকো’। সোজাসাপ্টা বলতে পারেন, ক্লাসিক বা ধ্রুপদি লড়াই। দুই দলের ফুটবলীয় আভিজাত্যের কারণেই এমন নামকরণ। যদিও ‘এল দেদো দে মৌ’ বা ‘মরিনহোর আঙুল’ জাতীয় অঘটন ইদানীং ঘটছে বেশি। সাম্প্রতিক লড়াইগুলো ফাউল, কার্ডের ছড়াছড়ির পাশে হাতাহাতির ঘটনাও দেখেছে। আপনি নিখাদ ফুটবলপ্রেমী হলে আজ আপনার প্রত্যাশা থাকবে, লড়াইটা যা হওয়ার ফুটবলীয় কৌশল নিয়েই হোক!বার্সেলোনার জন্য এটি একদিক দিয়ে জীবন-মরণ ম্যাচও। কারণ এই ম্যাচ শেষ পর্যন্ত হয়ে যেতে পারে শিরোপানির্ধারক! হ্যাঁ, লিগের মাত্র ১৪-১৫টি ম্যাচ হয়েছে। তার পরও এ কথা লিখতে হচ্ছে গত কয়েকটি মৌসুমের অভিজ্ঞতার কারণে। গতবার মাত্র ৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতেছিল বার্সা। তারও আগেরবার ব্যবধান ছিল মাত্র ৩ পয়েন্টের। ২০০৬-০৭ মৌসুমে তো দুই দলের পয়েন্ট ছিল সমান! শেষে শিরোপা নির্ধারিত হয়েছে মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনায়!এবার এ পর্যন্ত ১৪ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৩৭, এক ম্যাচ বেশি খেলা বার্সার ৩৪। আজ বার্সেলোনা হারলে পয়েন্টের ব্যবধান শুধু ছয়ে গিয়েই পৌঁছাবে না, রিয়াল এক ম্যাচ কম খেলেছে বলে সেই ব্যবধান আসলে ৯ পয়েন্টেরই ধরে নিতে হবে। আর এই ৯ পয়েন্টের ব্যবধান বার্সা বাকিটা সময়ে আদৌ ঘোচাতে পারবে বলে মনে হয় না। জীবন-মরণ লড়াই নয় তো কী!রিয়াল আবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে গত ১৫টি ম্যাচেই জিতেছে। লিগে জিতেছে সর্বশেষ ১০টি ম্যাচেই। এমন ফর্মে থাকা রিয়ালের মুখোমুখি হওয়াটা বার্সার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ নিতে বার্সা ভালোবাসে। এর প্রমাণ এই তথ্যে: গার্দিওলা কোচ হওয়ার পর ১১টি এল ক্লাসিকোর সাতটিই জিতেছে বার্সা। এর মধ্যে আছে ২০০৮-০৯ মৌসুমে রিয়ালকে তাদের মাঠে ৬-২ গোলে হারিয়ে আসা। আছে গত মৌসুমে নিজেদের মাঠে রিয়ালকে ‘লা মানিতা’ বা ৫-০-এর লজ্জা উপহার দেওয়াও।আবার যদি এসব পরিসংখ্যান ভেবে থাকেন, বার্সা একাই ছড়ি ঘোরাচ্ছে, ভুল করবেন। বার্সেলোনাকে হারিয়েই তো গতবার কোপা ডেল রে জিতেছে রিয়াল। আর মরিনহো যে বারবার বলে আসছেন, এই মৌসুমে সব হিসাব হবে অন্য রকম, সেই কথা কাজে প্রমাণের এটাই সবচেয়ে বড় সুযোগ। এর সঙ্গে যুক্ত করতে পারেন এই মৌসুমে পরের মাঠে গিয়ে বার্সার ঘাম ছোটানোর তথ্যও। ছয় অ্যাওয়ে ম্যাচের মাত্র দুটি জিতেছে বার্সা, দুটিই ১-০ গোলে।তবে এত সব হিসাব-নিকাশ, পরিসংখ্যান, সমীকরণ, পূর্বাভাস—সবই মিথ্যা হয়ে যায় রেফারি কিক-অফের বাঁশি বাজানো মাত্রই। প্রতিটি এল ক্লাসিকোই নতুন একটি অধ্যায়। প্রতিটি এল ক্লাসিকো মানেই আপনার স্নায়ুর চরম পরীক্ষা। এএফপি, রয়টার্স।