আজ আবার ট্র্যাকে বোল্ট
১০০ মিটারের বিশ্ব শিরোপা পুনরুদ্ধার করেছেন পাঁচ দিন আগে। আজ আবার ট্র্যাকে ফিরছেন উসাইন বোল্ট। এবার ২০০ মিটারের সোনা ধরে রাখার লক্ষ্য নিয়ে। আজ অবশ্য সোনার নিষ্পত্তি হবে না। ২০০ মিটারের ফাইনাল হবে আগামীকাল রাত ১০.১০ মিনিটে। আজ দুপুরে হিট (শুরু দুপুর ১২.৩৫ মি.) ও রাতে সেমিফাইনাল (রাত ৯.৪০ মি.)।
হিটই হোক বা ফাইনাল, বোল্টকে ট্র্যাকে দেখাই একটা রোমাঞ্চের নাম। এটিই অবশ্য মস্কোতে অনুষ্ঠানরত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সপ্তম দিনের একমাত্র আকর্ষণ নয়। মো ফারাহ আছেন, আছেন অ্যালিসন ফেলিক্স। প্রথম দিনেই ১০ হাজার মিটার জিতেছেন ফারাহ, আজ ৫ হাজার মিটার জিততে পারলে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ‘ডাবল’ জয়ের কীর্তিতে কেনিয়ার কেনেনিসা বেকেলের পাশে লেখা হয়ে যাবে তাঁর নাম। বেকেলে ২০০৮ অলিম্পিকে ‘ডাবল’ জেতার পর এটির পুনরাবৃত্তি করেছিলেন ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
মার্কিন সিপ্রন্টার অ্যালিসন ফেলিক্স ইতিহাস গড়ে ফেলতে পারেন আজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ৮টি সোনা জয়ের রেকর্ডটি কার্ল লুইস ও মাইকেল জনসনের সঙ্গে তাঁরও অধিকারে (২০০ মিটারে ৩টি ও রিলেতে ৫টি)। আজ মেয়েদের ২০০ মিটার জিততে পারলে বাকি দুজনকে ছাড়িয়ে যাবেন ফেলিক্স।
কাল সর্বকালের সেরা স্টিপলচেজ দৌড়বিদ হিসেবে দাবিটা আরেকটু পোক্ত করে তৃতীয় বিশ্ব শিরোপা জিতেছেন কেনিয়ার এজেকিয়েল কেমবয়। ৪০০ মিটার হার্ডলসে তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে ট্র্যাকে নামা ফেলিক্স সানচেজ ডুবেছেন পঞ্চম হওয়ার হতাশায়। সোনা জিতে চমকে দিয়েছেন ত্রিনিদাদের জেহুই গর্ডন। এএফপি।