আজ আবার বোল্ট-ঝড়, নাকি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মস্কোর এক পার্টিতে নাচলেন, গাইলেন।বেশ খোজ মেজাজেই আছেন বোল্ট!   ছবি: রয়টার্স
মস্কোর এক পার্টিতে নাচলেন, গাইলেন।বেশ খোজ মেজাজেই আছেন বোল্ট! ছবি: রয়টার্স

অ্যাথলেটিকসের ‘বিশ্বকাপ’ দ্বিতীয় দিনেই পেয়ে যাচ্ছে রোমাঞ্চের রসদ। আজ সবচেয়ে রোমহর্ষক খেলা, মানুষের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণের স্বাক্ষর ১০০ মিটারের ফাইনাল। ফাইনালের আগে অবশ্য সেমিফাইনালও হবে আজ। স্বাভাবিকভাবেই চোখ থাকবে উসাইন বোল্টের ওপর। বোল্ট কি আজ আবার ট্র্যাকে ঝড় তুলবেন? নতুন কোনো বিশ্বরেকর্ড? নাকি ফিরে আসবে গতবারের ভূত!
গতবার এই ১০০ মিটারে ফলস স্টার্ট করে দেয়ালে মাথা ঠুকতে হয়েছিল জ্যামাইকান গতিদানবকে। স্প্রিন্টের ইতিহাসের সর্বকালের দ্রুততম মানবটি অবশ্য কাল বেশ ভালোভাবেই উতরে গেছেন বাছাই পর্ব। ৭ নম্বর হিটে অংশ নিয়ে সবার আগে ফিনিশিং লাইন ছুঁয়েছেন। টাইমিংটা অবশ্য ‘বোল্টীয়’ নয়। ১০.০৭ সেকেন্ড।
অবশ্য হিটের টাইমিং নিয়ে কেউ মাথাও ঘামায় না। বাছাইয়ে ১০ সেকেন্ডের নিচে টাইমিং করছেন মাত্র দুজন। সবচেয়ে ভালো টাইমিংটা যুক্তরাষ্ট্রের মাইকেল রজার্সের (৯.৯৮ সেকেন্ড)। দশের নিচে দৌড়ানো অন্যজন ডোপপাপের কলঙ্ক মোছার মিশনে নামা ১০০ মিটারের সাবেক রাজা জাস্টিন গ্যাটলিনের (৯.৯৯)। নিষেধাজ্ঞার নির্বাসন কাটিয়ে ফেরার পর থেকেই গ্যাটলিন বেশ নজর কাড়ছেন।
বোল্টের ২০১৩ চ্যাম্পিয়নশিপের শুরুটাতেও কিন্তু ভর করেছিল ফলস স্টার্টের ভূত। সৌভাগ্যজনকভাবে তাঁর হিটেই সেই ভুল শুরু করাটা তিনি নিজে নন, কেমার হাইম্যান। ফলস স্টার্টের সংকেত বেজে উঠতে অনেকেরই বুক শিউরে উঠেছিল। তবে কি বোল্ট আবার! পরে তাঁকে সেই পরিচিত কায়দায় আকাশে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে দেখা যাওয়ার পরই পাওয়া গেল স্বস্তি।

পরে বোল্ট জানিয়েছেন, ‘ফলস স্টার্টটি আমাকে মোটেও প্রভাবিত করতে পারেনি। আমি ওর (হাইম্যান) মুভটা দেখেছিলাম। আমি জানতাম ভুলটা ও-ই করেছে, ফলে আমি উদ্বিগ্ন ছিলাম না।’

এই নিরুদ্বিগ্ন ভাবটা কি সেমিফাইনাল আর ফাইনালেও থাকবে? একটুও কি গতবারের স্মৃতি চাপে ফেলছে না তাঁকে? বোল্টের উত্তর, ‘দেগুতে (২০১১) আমি একটা ভুল করেছিলাম। কিন্তু এবার আমার মনোযোগ কেন্দ্রভূত। এই মুহূর্তটার জন্য, এই চ্যাম্পিয়নশিপটার জন্য আমি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করে আছি।’

অপেক্ষায় আসলে পুরো বিশ্বই। বোল্ট-জাদু দেখতে আবার সবার চোখ থাকবে মস্কোর ট্র্যাকে। বাংলাদেশ সময় রাত নয়টা পাঁচ মিনিটে সেমিফাইনাল শুরু হবে। বোল্টের বাছাই অবশ্য তৃতীয় হিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ২১ মিনিটে)। দৌড়াবেন ৫ নম্বর লেনে। আর ১০০ মিটারের বহু আকাঙ্ক্ষিত ফাইনালটি বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে।