আজ আবার সাকিব-তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান সর্বশেষ ম্যাচ খেলেছেন ৮ জুলাই, তামিম ইকবাল ১০ জুলাই। মাঝের কদিনের বিরতিতে নিশ্চয়ই খুব মজা করেছেন দুই বন্ধু? ‘তা বলতে পারেন, একসঙ্গেই ছিলাম দুজন। শপিং-টপিং করেছি, ঘুরেছি অনেক। লন্ডনপ্রবাসী এক বাঙালি ভাই আমাদের অনেক সময় দিয়েছেন’—কাল বিকেলে মুঠোফোনে যখন বলছিলেন তামিম, সাকিবও ছিলেন পাশেই। তবে দুই বন্ধু আজ আবার হয়ে যাবেন ‘শত্রু’। ট্রেন্টব্রিজে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি কাপের ফিরতি ম্যাচে আজ মুখোমুখি হবে সাকিবের উস্টারশায়ার ও তামিমের নটিংহ্যামশায়ার। প্রথম ম্যাচে বাংলাদেশ অধিনায়ককে সবদিক থেকেই হারিয়েছিলেন সহ-অধিনায়ক। সাকিবের ৫ বলে ৭ রান নিয়েছেন, উইকেটও দেননি, আবার ফিল্ডিংয়ে সাকিবের ক্যাচ নিয়েছেন। সাকিব ফেলেছেন তামিমের ক্যাচ। হেরেছেন ম্যাচেও। ১০ রানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল নটিংহ্যামশায়ার। আজ কী হবে? তামিম রসিকতা করলেন, ‘ক্রিকেট নিয়ে এখনো কথা হয়নি দুজনের। রাতে কথা বলব, ঠিক করব কে কার ক্যাচ ছাড়ব!’আজ ব্যক্তিগত লড়াইয়ে জয় যাঁর-ই হোক, কোয়ার্টারে ওঠার জন্য জয়টা বেশি প্রয়োজন সাকিবের দলের। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট উস্টার্সের। ১৪, ১৩ ও ১২ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ডারহাম, ইয়র্কশায়ার ও ডার্বিশায়ার। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে, তবে আজকের ম্যাচটি দেখা যাবে না টিভিতে। এই ম্যাচের পরও গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ বাকি থাকবে নটস্ ও উস্টার্সের। তবে সাকিব-তামিমের কাউন্টি পর্ব এবারের মতো আজই শেষ। জিম্বাবুয়ে সফরের প্রস্তুতির জন্য দুজনই ইংল্যান্ড ছাড়বেন আগামীকাল। একসঙ্গে অবশ্য নয়, তামিমের ফ্লাইট দুপুরে, সাকিবের রাতে। তবে দেখা হবে দুবাইয়ে, দেশে ফিরবেন একসঙ্গেই।