আজ আবার ‘এল ক্লাসিকো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও সুখবর নেই! রিয়াল মাদ্রিদের জন্য আছে শুধু রাশি রাশি দুঃসংবাদ! মৌসুমের প্রথম তিন ম্যাচে জয়ের দেখা মেলেনি। গত ১৫ মাসে টানা তিন ম্যাচের একটিও জিততে না পারার ঘটনা এই প্রথম। গেটাফের কাছে হার এ বছর লিগের ম্যাচে রিয়ালের প্রথম পরাজয়। ২০১২ সালে গত লিগের যে ২১টি ম্যাচ খেলেছিল, তার একটিতেও হারেনি। গেটাফের কাছে পরাজয় ১৯৭৩ সালের পর মৌসুমে সবচেয়ে বাজে শুরু ‘উপহার’ দিয়েছে রিয়ালকে।এই সব তথ্য মাথায় নিয়ে আজ স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে রিয়াল। প্রথম লেগে ৩-২ গোলে হেরে পিছিয়ে আছে বলে রিয়ালকে এই ম্যাচ জিততেই হবে। কিন্তু এখানেও পরিসংখ্যান দিয়ে রাখছে একটি দুঃসংবাদ: নিজেদের মাঠে সর্বশেষ সাত ম্যাচে বার্সার বিপক্ষে জেতেনি রিয়াল। বার্নাব্যুতে বার্সার বিপক্ষে তাদের সর্বশেষ জয় চার বছর আগের ঘটনা!গেটাফের কাছে পরাজয় এরই মধ্যে বার্সার সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান নিয়ে গেছে পাঁচে। লিগ মাত্রই শুরু। এখনই পয়েন্ট টেবিলের তল্লাশি নেওয়া বোকামি। তবে স্প্যানিশ লিগের নিয়মিত অনুসারীরা এ-ও ভালো করেই জানেন, এই চার-পাঁচ পয়েন্টেই নির্ধারিত হয়ে যেতে পারে শিরোপা!স্বাভাবিকভাবেই রিয়ালের খেলোয়াড়েরা মানসিকভাবে পিছিয়ে থেকেই মাঠে নামবেন আজ। এর মধ্যে কোচ হোসে মরিনহোও রীতিমতো সমালোচনার চাবুক কষেছেন খেলোয়াড়দের পিঠে। লিগের প্রথম ম্যাচেও ফ্রি কিক থেকে গোল খেয়েছিল রিয়াল। এরপর ‘ডেড বল’ পরিস্থিতি নিয়ে অনেক কাজ করেছেন মরিনহো। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। গেটাফের কাছেও ফ্রি কিক থেকে গোল হজম করতে হয়েছে। এ নিয়েই রাগে গজরাচ্ছিলেন মরিনহো। গেটাফে ম্যাচের পর সেদিন সংবাদ সম্মেলনেও শিষ্যদের সমালোচনা করেছেন, ‘গত কয়েক ম্যাচে আমরা ডেড বল পরিস্থিতি নিয়ে আগের যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি কাজ করেছি। পরের ম্যাচটা (বার্সার বিপক্ষে) আর দুই দিন পরই। এখন আর করার কিছুই নেই। যা করার খেলোয়াড়দেরই করতে হবে।’রিয়ালের একটা সুখবর, অনেক ঝামেলা শেষে লুকা মরডিচকে সই করিয়ে ফেলা। অবশ্য মাত্রই বার্নাব্যুতে পা রেখেছেন। সতীর্থদের ঠিকমতো চিনে ওঠার আগেই তাঁর মাঠে নেমে পড়াটা ঠিক হবে কি না, কে জানে। যদিও মরডিচ জানিয়েছেন তিনি প্রস্তুত, ‘বেশ ভালো অনুভব করছি। বাকি দলের সঙ্গে যদিও এখনো অনেক অনুশীলন করতে হবে আমাকে, তার পরও আমি বার্সার বিপক্ষে খেলতে প্রস্তুত।’এই ম্যাচে বার্সার জন্য দুঃসংবাদ বলতে অধিনায়ক কার্লোস পুয়োলকে নিয়ে অনিশ্চয়তা। গত ম্যাচে ডান গালের হাড়ে চিড় ধরেছে। তার পরও আজ বিশেষ মুখোশ পরে হলেও মাঠে নেমে যেতে পারেন পুয়োল। নতুন কোচ টিটো ভিলানোভা তাঁর প্রথম শিরোপা থেকে একদম নিঃশ্বাস দূরত্বে। তা ছাড়া মৌসুমের শুরুতে একটা শিরোপা জিতে থাকলে সেটা বাড়তি মানসিক সুবিধাও এনে দেবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচটি পুয়োল নিশ্চয়ই মাঠের বাইরে বসে দেখতে চাইবেন না।এই ম্যাচ বার্সার জন্য আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। সামগ্রিক এল ক্লাসিকোর হিসাবে দুদলের মধ্যে এখন সমতা। ২২১টি ম্যাচে মুখোমুখি হয়ে দুদলই জিতেছে ৮৭টি করে। আজ জিতলে এগিয়ে যাবে বার্সা। যেটি হবে এল ক্লাসিকোতে গত ৮০ বছরে তাদের প্রথম এগিয়ে যাওয়া! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।সর্বশেষ পাঁচ ম্যাচে রিয়াল-বার্সাস্কোর জয়ী তারিখ৩-২ বার্সা সুপার কাপ ২৩ আগস্ট ২০১২২-১ রিয়াল লিগ ২১ এপ্রিল ২০১২২-২ ড্র কোপা ডেল রে ২৫ জানুয়ারি ২০১২২-১ বার্সা কোপা ডেল রে ১৮ জানুয়ারি ২০১২৩-১ বার্সা লিগ ১০ ডিসেম্বর ২০১১