আজ আবাহনী বনাম শেখ জামাল
কলকাতা মাতিয়ে ফেরা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিবর্ণ চেহারা গত ম্যাচেই দেখেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকেরা। প্রিমিয়ার লিগে বিজেএমসির সঙ্গে যে ড্র কিছুতেই মানতে পারছেন না ক্লাব কর্মকর্তারা! আজ আবাহনীর সঙ্গে ‘বড়’ ম্যাচের গুরুত্বটা আরও বেড়ে গেছে যে কারণে।
৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আবাহনী। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া শেখ জামাল তৃতীয় স্থানে। শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়েই আবাহনীর প্রথম পর্ব শেষ হচ্ছে। এই ম্যাচে জিতলে তালিকার শীর্ষে থেকে লিগ শেষ করবে চারবারের চ্যাম্পিয়নরা। শেখ জামালের বাকি দুই প্রতিপক্ষ—উত্তর বারিধারা ও শেখ রাসেল। ম্যাচ দুটি জিতলেও বড়জোর দ্বিতীয় স্থানে থাকবে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ জামাল।
গত ফেডারেশন কাপেই আবাহনীকে একরাশ দুঃস্বপ্ন উপহার দিয়েছিল শেখ জামাল। সেমিফাইনালে হারিয়েছিল ৩-০ গোলে। আজও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না অধিনায়ক মামুনুল ইসলাম, ‘যদি সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করতে চাই, তাহলে ম্যাচটা জিততেই হবে। ম্যাচটা আমাদের কাছে এ জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ তবে হাঁটুর চোটের কারণে দলের বড় অস্ত্র সনি নর্দের আজ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতায় টার্ফে খেলে অভ্যস্ত হয়ে পড়া জামালের ঘাসের মাঠে মানিয়ে নিতে বেশ সমস্যা হচ্ছে। সঙ্গে টানা ম্যাচ খেলে খেলোয়াড়েরা ক্লান্তও। এই সুযোগটাই কাজে লাগাতে চান আবাহনীর অধিনায়ক সুজন, ‘টানা খেলতে খেলতে ওদের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তি এসেছে। সুযোগটা নিতে চাই আমরা। তা ছাড়া জিতলেই শীর্ষে থেকে প্রথম পর্ব শেষ করব। আত্মবিশ্বাস নিয়েই শুরু করতে পারব দ্বিতীয় পর্ব। জয়টা আমাদের খুব দরকার।’