আজ আমাদের ছুটি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাওয়া-ঘুম, ঘুম-খাওয়া, খাওয়া-ঘুম, ঘুম-খাওয়া...গতকাল থেকে শুরু হয়েছে। আজ ও আগামী তিন দিনও চলবে। ২১ থেকে ২৫ জানুয়ারি এই হলো সাকিব আল হাসানের রুটিন!সামনে মহারণ। এর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে তরতাজা রাখা। ২১ থেকে ২৫ জানুয়ারি তাই ক্রিকেটারদের ছুটি দিয়েছে বোর্ড। কোচ সবাইকে পইপই করে বলে দিয়েছেন, এই পাঁচ দিন নো ক্রিকেট। মাইন্ডটা একদম ফ্রেশ করে ফিরতে হবে। সাকিবের কাছে ‘মাইন্ড ফ্রেশ’ করার সবচেয়ে ভালো দাওয়াই ঘুম। আর ঘুমটা ভালো হওয়ার জন্য মাঝেমধ্যে পেটে কিছু পড়াও প্রয়োজন। সাকিবের পুরো ছুটিটাই তাই যাবে খাওয়া আর ঘুমে। মাইন্ড ফ্রেশ...কোচের আদেশ শিরোধার্য!এই ইট-কাঠের জঙ্গলে ঘুমটাও কি শান্তিতে হওয়ার জো আছে? সাকিব তাই গত পরশুই চলে গেছেন মাগুরায়। অধিনায়কের মতো বিশ্বকাপ দলের বেশির ভাগই এখন যাঁর যাঁর নাড়ির কাছাকাছি। যাঁরা এখনো যাননি, চলে যাবেন আজকালের মধ্যেই। ‘পাঁচ দিনের লম্বা ছুটি, সুযোগটা কি হাতছাড়া করা যায়! বাড়ি চলে এসেছি। এই কটা দিন আপনজনদের সঙ্গে নিজের মতো করে কাটাব’—মেহেরপুর থেকে ফোনে বলছিলেন ইমরুল কায়েস। ব্যস্ত সূচির ফাঁক গলে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটানোই হয় না। ছুটিটায় পরিবারের সঙ্গে সময় কাটানোই তাই সবার কাছে সবকিছুর আগে।শফিউল ইসলাম যেমন পুরো সময়টাই থাকতে চান ‘ঘরের ছেলে’ হয়ে। বগুড়ার ২১ বছরের তরুণের জগৎটা পাল্টে গেছে গত বছর। জাতীয় দলে ঢুকেই জায়গা পাকা করে ফেললেন। এরপর শুধু খেলা আর খেলা। দম ফেলার একটু ফুরসত পেতেই ছুটে গেছেন বগুড়ায়। থাকতে চান মায়ের খুব কাছে। তামিম ইকবাল আবার মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়েই গেছেন দেশের বাইরে। ফ্রেশ তো নয়ই, শফিউলের ‘জেলা সতীর্থ’ মুশফিকুর রহিমের মাইন্ড আরও জট লেগে গেছে। এই কদিন জাতীয় দলের উইকেটকিপারেরও আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র। অনার্স ফাইনাল পরীক্ষা চলছে। এমনিতে সুযোগ খুব একটা হয় না, এই কদিন তাই মন দিয়ে পড়তে চান।‘কোরবানির ঈদে বাড়িতে এসে এক দিন পরই চলে যেতে হয়েছিল চীন। বিশ্বকাপ দলে আছি, মনটাও খুব ভালো। তাই হবিগঞ্জ চলে এসেছি। জমিয়ে আড্ডা দেব’—নাজমুল হোসেনের উচ্ছ্বাসটা বোঝা যাচ্ছিল টেলিফোনেও। জুনায়েদ সিদ্দিক তো ছিলেন আড্ডাতেই। ঢাকার বাসায় পুরোনো বন্ধুরা সবাই একত্র হয়েছেন। আজই হয়তো চলে যাবেন রাজশাহী। আজকালের মধ্যে গাইবান্ধা ছুটবেন নাঈম ইসলামও। জরুরি কিছু কাজের জন্য এখনো যাওয়া হয়নি।দুজনের আবার মন পড়ে আছে বাগেরহাটে, কিন্তু যাওয়ার উপায় নেই। ছুটি পাওয়া যাবে শোনার পর থেকেই এলাকার বন্ধুবান্ধব, ক্যারম বোর্ড সব যেন ডাকছে আবদুর রাজ্জাককে। কিন্তু আজ আর্মি স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১০ বছর পূর্তির অনুষ্ঠানে থাকতে হবে। রাজ্জাক সান্ত্বনা খুঁজলেন এভাবে, ‘কী আর করা যাবে, এটাও তো আমাদের অনুষ্ঠান। তবে দেখি, অনুষ্ঠান শেষ করেই ছুটব বাগেরহাট।’ তিনি তো তবু দিন তিনেকের জন্য হলেও যেতে পারছেন, কিন্তু রুবেল হোসেন? ‘যেতে তো ইচ্ছে করছে খুব। কিন্তু আমার পিঠের চোট নিয়ে ফিজিওর সঙ্গে কাজ করতে হচ্ছে, যাওয়ার উপায় নেই।’ ঢাকায় তামিম-সাকিবের সঙ্গে একই বাসায় থাকেন রুবেল। তাঁরা দুজনই চলে গেছেন। তামিমের বড় ভাই নাফিস ইকবাল আছেন বলেই একটু রক্ষে, না হলে একাকিত্ব নিশ্চিতভাবেই বাড়িয়ে দিত রুবেলের মনোবেদনা।শাহরিয়ার নাফীস পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। ছুটিতে কোথাও একটু যে ঘুরতে যাবেন, সে উপায় নেই। ছেলের স্কুল, স্ত্রী ব্যস্ত। শাহরিয়ারের অবশ্য তাতে সমস্যা নেই, এর ফাঁকে কাটাবেন একান্ত সময়। ঢাকায় আছেন মাহমুদউল্লাহ, রকিবুল আর আশরাফুলও। প্রিমিয়ার লিগের খেলায় হাঁটুতে একটু চোট পাওয়ায় ফিজিওকে দেখাতে চান রকিবুল হাসান। তাঁর অবশ্য জামালপুর যাওয়ার তাড়া নেই, বাবা-মাকে নিয়েই থাকেন পল্লবীর বাসায়। পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকেন মাহমুদউল্লাহও। ইদানীং তাই ময়মনসিংহে যাওয়া হয় খুব কম। তবে ছুটিটা ঠিকই কাজে লাগাচ্ছেন। এমনিতে তো আর সুযোগ হয় না, কাল তাই যাচ্ছিলেন একটা পারিবারিক অনুষ্ঠানে। তবে ছুটি পেয়েও সেভাবে ছুটি কাটাতে চান না আশরাফুল, পুরো ছুটিই ফিটনেস ট্রেনিং করবেন। মনটাকে চাঙা করার পাশাপাশি, শরীরটাকেও তো ঠিক রাখতে হবে। সামনে যে কঠিন চ্যালেঞ্জ!