আজ আরেকটি ধ্রুপদি দ্বৈরথ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদাল ও রজার ফেদেরার
রাফায়েল নাদাল ও রজার ফেদেরার

পরিসংখ্যান বলবে লড়াইটা একপেশে। দুজনের ৩১ বারের মুখোমুখি লড়াইয়ে একজন যদি ২১-১০ ব্যবধানে এগিয়ে থাকেন, লড়াইটাকে তো একপেশেই বলা যুক্তিযুক্ত। কিন্তু শুধু মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান দেখে বোঝা যাবে না রাফায়েল নাদাল বনাম রজার ফেদেরার মুখোমুখি হলে টেনিস কোন মার্গে পৌঁছে যায়। কোর্টে তখন যেন টেনিস হয় না, হয় ধ্রুপদ শাস্ত্রের কোনো আয়োজন। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে একতরফাভাবে নাদাল এগিয়ে থাকলেও আজ টেনিস বিশ্ব উন্মুখ হয়ে অপেক্ষা করবে ফেদেরারের সঙ্গে তাঁর আরেকটি রোমাঞ্চকর লড়াই দেখার। মৌসুম সমাপক এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা।

এ বছর মাত্র একটি শিরোপা জিতেছেন বলে ফেদেরারের ৩২ বছর বয়সটাকে বেশি করে চোখে লাগছে। তবে কাল হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৪-৬, ৭-৬(২), ৭-৫ গেমে হারানোর পথে ফেদেরার বুঝিয়ে দিয়েছেন বুড়ো হাড়ে এখনো অনেক ভেলকি লুকিয়ে আছে। তা ছাড়া নাদালের বিপক্ষে আজ কোর্টে নামার আগে আরেকটি পরিসংখ্যান মানসিকভাবে এগিয়ে রাখবে ফেদেরারকে। ছাদঢাকা কোর্টে কখনোই নাদালের কাছে তিনি হারেননি।

রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার অবশ্য আজকের ম্যাচে নিজেকে ‘আন্ডারডগ’ই বলছেন, ‘আমাকে ওর বিপক্ষে সঠিক চিন্তাভাবনা নিয়ে খেলতে হবে। যতটা সম্ভব কম চাপ নিয়ে খেলতে হবে যে চাপ আমি ওর বিপক্ষে আগের ম্যাচগুলোতে অনুভব করেছি। বর্তমান অবস্থা, এ বছর আমার পারফরম্যান্স সব মিলিয়ে আমার মনে হচ্ছে, এই ম্যাচটায় নিজেকে আন্ডারডগ হিসেবে ভাবাই ভালো।’ তার মানে কিন্তু এই নয়, লড়াইয়ের আগেই হার মেনে নিচ্ছেন ফেদেরার, ‘আমি সুড়ঙ্গের শেষ প্রান্তে সব সময়ই আলো দেখি।

এই টুর্নামেন্টে আর মাত্র দুটো ম্যাচ আছে, এর বেশি কিছু নয়। আমরা একে অন্যকে খুব ভালোভাবে চিনি। ও ঠিক তা-ই করবে, যা ওর করা উচিত। আমিও তা-ই করব, যা আমার করা দরকার। আশা করি এই ম্যাচ শেষে আমার মুখেই হাসি থাকবে।’ এর আগে ফেদেরার বছর শেষের এই টুর্নামেন্ট ছয়বার জিতেছেন। সপ্তমবার জয়ের পথে ফাইনালের সিঁড়িতে পা রাখতে পারবেন কি না, সেটি জানা যাবে আজই। ম্যাচটি বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস। সূত্র: রয়টার্স।