আজ আরেকটি 'আবাহনী-মোহামেডান'
টি-টোয়েন্টি বিশ্বকাপ ডামাডোলের মধ্যেই আজ ফুটবলে আবাহনী-মোহামেডান দ্বৈরথ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
এই মৌসুমে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগে সাক্ষাৎ হয়েছে আবাহনী ও মোহামেডানের। দুবারই জিতেছে আবাহনী। জয়ের ধারাটা অব্যাহত রাখতে চান আকাশি-নীল অধিনায়ক মোহাম্মদ সুজন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠতে চাই।’ লিগের প্রথম পর্বে স্ট্রাইকারদের পারফরম্যান্সে হতাশ আবাহনী সমর্থকেরা। ক্যামেরুনের স্ট্রাইকার একেলে প্যাট্রিক এসেই স্বাধীনতা কাপে জোড়া গোল করেছেন। আজও তাঁর কাছে গোলের প্রত্যাশা সুজনের।
গ্রুপ চ্যাম্পিয়নের জন্য আবাহনীর প্রয়োজন জয়। তবে ড্র হলেই চলবে মোহামেডানের। কারণ গোলগড়ে তারা আবাহনীর চেয়ে এগিয়ে। তবে ড্র নয় জেতার জন্যই খেলবে সাদা-কালোরা। জানিয়েছেন মোহামেডান অধিনায়ক জাহিদ হাসান, ‘এই মৌসুমে আমরা আগের দুটি ম্যাচই হেরেছি। এটি আর হারতে চাই না। শতভাগ উজাড় করে দিয়ে খেলে সমর্থক ও ক্লাব কর্মকর্তাদের এবার জয় উপহার দিতে চাই।’