আজ আসছে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ দল ঢাকায় আসছে দুই ভাগে ভাগ হয়ে। তবে দেশ থেকে আসছে না কেউই। অধিনায়ক ড্যারেন স্যামির নেতৃত্বে আজ ১৯ জনের মূল দলটা আসবে দুবাই থেকে। বাকি ৫ ক্রিকেটারকে নিয়ে সহকারী কোচ ডেভিড উইলিয়ামসের ঢাকায় পৌঁছানোর কথা আগামীকাল।ওয়েস্ট ইন্ডিজ দলের ড্যারেন ব্রাভো, লেন্ডল সিমন্স, রবি রামপল, দিনেশ রামদিন ও আদ্রিয়ান বারাথ ভারতে চ্যাম্পিয়নস লিগ খেলছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে। ক্যারিবীয় দলের সহকারী কোচ ডেভিড উইলিয়ামস আবার এই দলের কোচ। এই ছয়জনের ঢাকা পৌঁছানোর কথা আগামীকাল বিকেল সোয়া তিনটায়। সহকারী কোচ আর এই পাঁচ ক্রিকেটার ছাড়া স্যামির দলের কাইরন পোলার্ডও চ্যাম্পিয়নস লিগ খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। তাঁর ঢাকায় আসাটা নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগে মুম্বাই ইন্ডিয়ানসের ভবিষ্যতের ওপর।১৯ জনের মূল দল ঢাকায় পৌঁছাবে আজ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে। বাংলাদেশে আসার আগে শারজায় প্রস্তুতি ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। তারা আসছে সেখান থেকেই। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। ১১ অক্টোবর সিরিজ শুরুর আগে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ড্যারেন স্যামির দল।