আজ আসছে বিশ্বকাপ ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ট্রফি
বিশ্বকাপ ট্রফি

আজ বাংলাদেশে আসছে বিশ্বকাপের সোনালি ট্রফি। এর আগে ২০০২ সালেও এসেছিল এই ট্রফি। সেটি ছিল রেপ্লিকা। বিশ্বকাপ ফুটবলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক কোকাকোলার দাবি, এবার তারা বাংলাদেশকে আসল ট্রফি দেখার সুযোগ করে দিয়েছে। সেবার ট্রফিটি মাত্র এক দিন ছিল বাংলাদেশে। ৩৬.৮ সেন্টিমিটার লম্বা ৬.১৭৫ কেজি ওজনের বিখ্যাত ট্রফিটি এবার তিন দিনের সফরে ঢাকা আসছে।
দুবাই থেকে আজ দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবে বিশ্বকাপ ট্রফি বহনকারী বিশেষ বিমান। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিন স্তরের কড়া নিরাপত্তার মধ্যে প্রথমে এটি নিয়ে আসা হবে বঙ্গভবনে। বেলা ৩টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বকাপটি গ্রহণ করবেন। এরপর বিকেল ৪টায় সেটি গণভবনে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে আগামীকাল ও পরশু। ১৫ হাজার দর্শক বিশ্বকাপ ট্রফিটি দেখতে পারবেন। যার মধ্যে ৯ হাজার ভাগ্যবান দর্শককে বেছে নেওয়া হয়েছে কোমলপানীয় কেনার মাধ্যমে। পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের জন্যও থাকছে বিশেষ টিকিট। নির্দিষ্ট সময়ের মধ্যেই দর্শকেরা স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফিটি দেখবেন। মাঠের একটি বিশেষ স্থানে কাচের পাত্রে থাকা বিশ্বকাপ ট্রফির সঙ্গে স্বয়ংক্রিয় ডিভাইসের মাধ্যমে ছবি তোলারও সুযোগ পাবেন দর্শকেরা। স্টেডিয়ামে দর্শকদের জন্য ফুটবল খেলার পাশাপাশি অন্যান্য বিনোদনের ব্যবস্থাও করেছেন আয়োজকেরা। ওই সময় দেখানো হবে বিশ্বকাপের বিভিন্ন আসরের স্মরণীয় সব ছবি ও ভিডিও ক্লিপিংস। সবশেষে উপহার দেওয়া হবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে দর্শকের স্মরণীয় ওই ছবিটি।
এরই মধ্যে বিশ্বকাপের থিম সংটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের সামনে গাওয়া হতে পারে কাল ও পরশু। প্রাথমিক তালিকায় আছে ব্যান্ড রাফা, নেমেসিস ও শূন্য। বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে গত ১২ সেপ্টেম্বর, ২০১৪ বিশ্বকাপ আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো শহর থেকে। এটি ২৬৭ দিন ঘুরবে বিশ্বের ৮৯টি দেশে।