আজ আসছেন পিসিবি-প্রধান
দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লেগেছেন নতুন পিসিবি-প্রধান জাকা আশরাফ। জোর গুঞ্জন, আশরাফের প্রচেষ্টা সফল হতে যাচ্ছে বাংলাদেশকে দিয়ে। আগামী বছরই পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশ। সেই প্রচেষ্টাকে আরেক ধাপ এগিয়ে নিতেই হয়তো আজ ঢাকা আসছেন আশরাফ। পিসিবি-প্রধানের সঙ্গে আসছেন পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুবহান আহমেদও।২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দলগুলো আর পাকিস্তানে যায়নি। ১২ বন্দুকধারীর ওই হামলায় ছয়জন নিরাপত্তাকর্মীসহ নিহত হয়েছিলেন আটজন। আহত হয়েছিলেন বেশ কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটার। শোনা যাচ্ছে, বাংলাদেশের পাকিস্তানে যাওয়া অনেকটা নিশ্চিতই। আইসিসির কাছে নিরাপত্তা ছাড়পত্রও চেয়েছে বাংলাদেশ। চার দিনের সফরে বিসিবি-প্রধান ও বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলবেন আশরাফ। দেখবেন বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলাও।