আজ আয়ারল্যান্ডের সামনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুতি ম্যাচই ছিল, তবু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়টাই ছিল প্রাথমিক এবং একমাত্র চাওয়া। টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ দল চাইছিল এই ম্যাচ জিতে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে তাই টি-টোয়েন্টির সম্ভাব্য সেরা একাদশই নামানো হয়েছিল আমিরাতের বিপক্ষে।
পরীক্ষা-নিরীক্ষার কিছু থাকলে সেটা হবে আজকের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। ফতুল্লায় এই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। কাগজে-কলমের শক্তিতে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকার কথা আইরিশদের। টি-টোয়েন্টি ম্যাচে দুই দল এখন পর্যন্ত একটা উপলক্ষেই মুখোমুখি হয়েছে। গত বছর জুলাইয়ে বেলফাস্টে অনুষ্ঠিত তিন ম্যাচের সেই সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড দল। তবে ওয়ানডেতে মুখোমুখি হওয়া সাত ম্যাচের দুটিতে জয় আছে আইরিশদের। বাকি পাঁচ ম্যাচেই জয়ী দলের নাম বাংলাদেশ।
আগের হিসাব-নিকাশ যা-ই থাকুক, আমিরাতের বিপক্ষে জয়ের আগ পর্যন্ত বাংলাদেশ দলের যা পারফরম্যান্স, সে ভূত ফিরে এলে আয়ারল্যান্ডও আজ বড় শক্তি হিসেবে দেখা দিতে পারে। প্রধান নির্বাচক ফারুক আহমেদও এই দলটাকেই তুলনামূলকভাবে শক্ত প্রতিপক্ষ মনে করেন। তবে প্রস্তুতি ম্যাচে জয়-পরাজয়টা মুখ্য নয় তাঁর কাছে। ‘প্রস্তুতি ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার থাকে। প্রথম ৬ ওভারের ব্যাটিং কী হবে, বোলিং লাইনআপটা কেমন হবে এসব। প্রস্তুতি ম্যাচে জয় পেলে ভালো, তবে আমরা চাচ্ছি এই ম্যাচগুলো দিয়ে দলটা যেন পুনর্গঠিত হতে পারে’—কাল টেলিফোনে বলছিলেন ফারুক আহমেদ।
ব্যাটিংয়ের পরীক্ষা-নিরীক্ষা হতে পারে টপ-মিডল অর্ডার দুই জায়গাতেই। আমিরাতের বিপক্ষে মুমিনুল হককে ছয় নম্বরে ব্যাটিং করানো হলেও আজ হয়তো তাঁকে তিন নম্বরে খেলানোর বিবেচনা থাকবে। মুমিনুলের খেলার যে ধরন, স্ট্রোক খেলার যে সামর্থ্য তাতে তিন নম্বরে নামিয়ে তাঁর কাছ থেকে লম্বা ইনিংস আশা করতে পারে দল। সে ক্ষেত্রে পাঁচ বা ছয়ে দেখা যেতে পারে সাব্বির আহমেদকে।