আজ ইসিনবায়েভার রাত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েলেনা ইসিনবায়েভা
ইয়েলেনা ইসিনবায়েভা

টিকিট বিক্রি নিয়ে আয়োজকদের অস্বস্তি আজ কিছুটা দূর হতে পারে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তিন দিন পেরিয়ে গেছে। তারকারা ট্র্যাকে ঝড়ও তুলছেন। কিন্তু সবই যেন মায়াবী ভ্রম! ট্র্যাকের বাইরে বিশ্ব চ্যাম্পিয়নশিপটা জমছেই না। গ্যালারি থাকছে ফাঁকা। এমনকি বোল্ট-জাদুও গ্যালারি ভরাতে পারেনি। আয়োজকদের আশা, আজ যদি শূন্য গ্যালারিতে গর্জন ওঠে! আজ যে ট্র্যাকে নামছেন পোল ভল্ট রানি ইয়েলেনা ইসিনবায়েভা। ইসিনবায়েভা বিশ্বমঞ্চে বহুপ্রতীক্ষার সোনার পদকের জন্য নামছেন রাত ৯.৩৫ মিনিটে।
‘প্রতীক্ষা’ শব্দটি ইসিনবায়েভার জন্য বেমানান ঠেকে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পুরুষদের পোল ভল্টে একচ্ছত্র রাজত্ব করে ইউক্রেনের সের্গেই বুবকা বাকিদের ছাপিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। মেয়েদের পোল ভল্টে ইসিনবায়েভাও নিজেকে নিয়ে গেছেন বুবকার পর্যায়ে। দুবারের বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন। বিশ্ব রেকর্ড গড়েছেন মোট ২৮ বার! কিন্তু এসব যেমন সত্যি, তেমনি সত্যি হলো ২০০৮ বেইজিং অলিম্পিকের পর বিশ্ব আসরে কখনো সোনা জিততে পারেননি মেয়েদের পোল ভল্টের রানি।
২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপও তাঁকে ফিরিয়েছে শূন্য হাতে। ২০১২ অলিম্পিকে পেয়েছিলেন ব্রোঞ্জ। বছর ঘুরে এবারের বিশ্বমঞ্চটি যখন নিজেদের মাটিতে, সোনার হরিণ হয়ে ওঠা সোনার পদকটা ইসিনবায়েভার চাই-ই চাই। শুধু আশার বাতি জ্বালানোই নয়, বিশ্ব রেকর্ডধারী পোল ভল্টার নিজেকে প্রস্তুতও করেছেন সেভাবেই। অবশ্য এর মধ্যে নিজের একটা সিদ্ধান্ত উল্টে ফেলার কথাও ভাবতে শুরু করেছেন। কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপটাই হবে তাঁর শেষ। এরপরই তুলে রাখবেন বুটজোড়া। কিন্তু সপ্তাহ দুয়েকের ব্যবধানে ৩১ বছর বয়সী এখন বলছেন, মস্কোতে সোনা জিততে পারলেও হয়তো ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজিয়ে দেবেন না। বড়জোর নিতে পারেন একটা ‘বিরতি’, যেমনটা এর আগেও নিয়েছিলেন, ‘আমি একটা ছুটি নিতে চাই এবং পরিবারকে সময় দিতে চাই। তবে আমি হয়তো ফিরে এসে বেইজিং (২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপ) এবং রিওতে (২০১৬ অলিম্পিক) যেতে চাইব। তবে যদি সবকিছু ঠিকঠাকভাবে না হয় বা মনে হয় আমি শীর্ষ অবস্থায় নেই, বিদায় বলে দেব।’
সেটা অবশ্য পরের ব্যাপার। ইসিনবায়েভার আপাতলক্ষ্য মুকুট পুনরুদ্ধার করা। আর এই লক্ষ্যপূরণের জন্য তিনি সাহায্য চান সমর্থকদের, ‘আমি ভালো বোধ করছি। আমাকে শুধু কোয়ালিফাই করতে হবে। আমি কোনো চাপ অনুভব করছি না। দর্শকেরা হবে খুব গুরুত্বপূর্ণ। তারা যদি আমাকে সোল্লাসে সমর্থন দেন, আমার মনে হয় আমি সবকিছুই করতে পারব।’
ইসিনবায়েভার অপেক্ষার প্রহর কি তাহলে ঘুচতে চলেছে? এএফপি।