আগামী পরশু প্রিমিয়ার হকির সুপার লিগ শুরু। তার আগে আজই শেষ প্রথম রাউন্ড। এবং শেষটা হচ্ছে ঊষা-আবাহনী বড় ম্যাচের উত্তাপ ছড়িয়ে। কদিন আগেই ক্লাব কাপের ফাইনালে আবাহনীর কাছে হারের বদলা নিতে চাইবে ঊষা। সেটি পারলে ঊষার জন্য সোনায় সোহাগা। বিকেল ৪টায় শুরু ম্যাচে ড্র করলেও ২৯ পয়েন্ট নিয়ে তারাই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে। আবাহনী জয় পেলে ২৯ পয়েন্ট নিয়ে তারা উঠে যাবে সবার ওপরে।
ওদিকে মেরিনার্সের কাছে হারের ধাক্কা সামলে কাল ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। ৩টি গোল করেছেন জিমি, একটি করে পিন্টু ও সালমান। এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার হকি লিগে প্রথম পর্ব শেষ করল সাদা-কালোরা। ১১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৫। দিনের অন্য ম্যাচে ওয়ারীর সঙ্গে ২-২ ড্র করে শেষ দল হিসেবে সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ স্পোর্টিং। শিরোপা লড়াইয়ে এই পর্বের বাকি পাঁচ দল ঊষা, আবাহনী, মোহামেডান, মেরিনার্স ও ওয়ান্ডারার্স।