আজ কলকাতা যাচ্ছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে আনা হয়েছে আগেই। কাল-পরশুর মধ্যে হাসপাতাল থেকেও ছাড়া পেয়ে যাবেন মা। সাকিব আল হাসানও তাই আবার ছুটছেন ভারতে। আজ বিকেল বা সন্ধ্যায় যে ফ্লাইটেরই টিকিট পান, কলকাতা উড়ে যাবেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাকিব।কাল টেলিফোনে সাকিবই জানিয়েছেন তাঁর মা এখন অনেকটা সুস্থ, ‘এখন আগের চেয়ে অনেক ভালো। শনি-রোববারে রিলিজ করে দেবে। আমিও কাল (আজ) সন্ধ্যার মধ্যেই কলকাতা যাচ্ছি।’ সাকিব কবে ফিরছেন, এখানে মায়ের অবস্থা কী...কেকেআর থেকেও ফোন করে সেসব খবর নিয়েছেন দলের ম্যানেজার। আজ ফিরে যাওয়ার কথা তাঁকেও জানিয়েছেন সাকিব।মায়ের অসুস্থতার কারণে গত ১ মে সন্ধ্যায় হঠাৎ করেই দেশে চলে আসেন। গত মঙ্গলবার ডেকান চার্জার্স ও গতকাল কোচি টাস্কার্সের বিপক্ষে কেকেআরের দুটি ম্যাচে তাই সাকিব ছিলেন অনুপস্থিত। চুক্তি অনুযায়ী তাঁর প্রাপ্য টাকা থেকে কেটে নেওয়া হবে এই দুই ম্যাচের টাকা। অস্ট্রেলিয়া সিরিজে ব্যস্ত থাকার কারণে কেকেআরের দুই ম্যাচ হয়ে যাওয়ার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে, সাকিব পাবেন না সে দুই ম্যাচের টাকাও। তবে টানা চার ম্যাচ খেলার পর দলের সঙ্গে থেকেও যে দুই ম্যাচ তাঁকে বসে থাকতে হয়েছে, সেই দুই ম্যাচের টাকা পাবেন। খেলা না-খেলা বিষয় নয়, আইপিএলের চুক্তি অনুযায়ী খেলার জন্য দলের সঙ্গে থাকলেই টাকা পান খেলোয়াড়। তবে ব্যক্তিগত কারণে কোনো ম্যাচে অনুপস্থিত থাকলে কেটে নেওয়া হয় সে ম্যাচের টাকা। সাকিব অবশ্য মায়ের অসুস্থতার সঙ্গে মেলাতে চাচ্ছেন না টাকা-পয়সার ব্যাপারটি, ‘এসব এখানে কোনো বিষয়ই নয়। মায়ের অসুস্থতাই সবার আগে। কত টাকা কম পেলাম, তাতে কিছু যায়-আসে না।’