আজ কার দিন?

লিওনেল মেসির কথাটা কি এখনো মনে রেখেছেন আরিয়েন রোবেন? এই তো, মাস চারেক আগেই মেসি বলে বসেছিলেন, রোবেনই গত বিশ্বকাপটা স্পেনের হাতে তুলে দিয়েছিলেন। রোবেন জানেন, অভিযোগটা সত্যি। ফাইনালে অমন দুটি মিস না করলে তো ফলটা অন্য রকম হতেই পারত। সেই দুটি মুহূর্তের কথা ভেবে হয়তো অনেক বিনিদ্র রাতও কেটেছে ডাচ উইঙ্গারের। যতই দাবি করুন, ‘এটা শুধুই খেলার অংশ’, হৃদয় খুঁড়ে বেদনা তাই জাগছেই!
এই বিশ্বকাপটা তো আসলে মেসি আর রোবেনকে একটা জায়গায় পাশাপাশি দাঁড় করিয়ে দিচ্ছে। গত বিশ্বকাপে মেসি সতীর্থদের খেলিয়েছেন বটে, কিন্তু নিজে একটা গোলও পাননি। আর এবার আর্জেন্টিনার আট গোলের চারটিই করেছেন, সরাসরি অবদান আছে আরও অন্তত দুটিতে। রোবেনকেই দেখুন, গতবার দল দারুণ খেললেও নিজে কিন্তু অনেকটাই স্নাইডারদের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন। এবার আগের চেয়ে অনেক বেশি দৃপ্ত, অনেক আত্মবিশ্বাসী, এর মধ্যেই করে ফেলেছেন তিন গোল। আর্জেন্টিনার জন্য তাই মেসি যতটা, হল্যান্ডের জন্য এবার রোবেন ঠিক ততটাই।

সাবেক কোচ বার্ট ফন মারউইক ঠিক এই কথাটাই বললেন, ‘আর্জেন্টিনার মেসি আছে, আমাদের আছে আরিয়েন। আর সত্যি বলতে কি, আরিয়েনই এখন বেশি ভালো খেলছে।’ শেষের কথাটা নিয়ে তর্ক হতে পারে, তবে ফন মারউইকের এই প্রশংসার আড়ালে একটু চাপা অনুযোগও আছে। চার বছর আগে হল্যান্ডের কোচ ছিলেন তিনিই। অতীতের ভেলায় চেপে তাঁর আফসোস, ‘এই টুর্নামেন্টে আরিয়েনকে যত দেখছি, ততই ঈর্ষান্বিত হচ্ছি। ২০১০ সালের আরিয়েনের সঙ্গে বিশাল পার্থক্য। চার বছর আগে, বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ও হাঙ্গেরির সঙ্গে একটা ম্যাচে চোট পায়। সেই চোটের কারণেই সেবার সে নিজের শতভাগ ঢেলে দিতে পারেনি। কিন্তু এবার তাকে অপ্রতিরোধ্য মনে হচ্ছে।’
মেসির ক্ষেত্রেও ব্যাপারটা তো অনেকটাই তা-ই। এবার যেন একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন পুরো দলের দায়িত্বভার। এমন একটা অর্কেস্ট্রা চালাচ্ছেন, যেখানে ভুলচুক হলে নিজেকেই সব সামাল দিতে হচ্ছে। হল্যান্ড ডিফেন্ডার ব্রুনো মার্টিন ইন্ডি যতই বলুন, ‘মেসিকে বল জোগান দেওয়া বন্ধ করতে হবে’, এই মন্ত্রে কতটা কাজ হবে সে ব্যাপারে সংশয় আছে। মেসি শুধু গোল করছেন না, নিচে নেমে বল নিয়ে ওপরে উঠছেন, গোল করাচ্ছেনও।
একই কাজটা করছেন রোবেনও। তবে একটু অন্যভাবে। দুর্দান্ত গতি দিয়ে জেরবার করছেন প্রতিপক্ষকে। তাঁকে ঠেকাতে তাই বারবার ফাউল করতে হচ্ছে প্রতিপক্ষ খেলোয়াড়দের। সাবেক ডাচ মিডফিল্ডার ফিলিপ কোকু তো বলেই দিলেন, ‘ও থাকলে আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোস্টারিকার সঙ্গে শেষ পাঁচ মিনিট যেভাবে দৌড়াল...অবিশ্বাস্য! সে এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছে।’
শুধু দলের প্রাণভোমরা হয়েই নেই, আরেকটা কাজও করতে হচ্ছে দুজনকে। মেসির হাতে এখন অধিনায়কত্বের বাহুবন্ধনী, রোবেন কাগজে-কলমে না হলেও উদ্দীপ্ত করছেন দলের তরুণদের। মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডমের স্বীকৃতি, ‘আরিয়েন একজন অধিনায়ক, সত্যিকারের নেতা।’
কোন নেতা আজ আলো ছড়াবেন, সেই অপেক্ষা ফুরোচ্ছে আজই। এএফপি, রয়টার্স অবলম্বনে।